আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে। নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জের (এনএমই) কমেক্স বিভাগে আউন্সপ্রতি সোনার দাম ৩ দশমিক ৬ ডলার কমে এক হাজার ২৯৭ ডলারে নেমে এসেছে।
বিশ্বের বৃহত্তম অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি বৃদ্ধি পাওয়ায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ মুদ্রানীতিকে কঠোর করবে—বিনিয়োগকারীদের এমন আশঙ্কায় পণ্যটির দাম কমেছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ গত বুধবার জানায়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটির জিডিপিতে বার্ষিক হিসাবে ৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এর আগের, অর্থাৎ প্রথম প্রান্তিকে দেশটির জিডিপি অপ্রত্যাশিতভাবে সংকুচিত হয়েছিল। জিডিপি ঘুরে দাঁড়ানোর ফলে ফেডারেল রিজার্ভ বুধবার মাসিক সম্পদ ক্রয়ের পরিমাণ সাড়ে তিন হাজার কোটি ডলার থেকে কমিয়ে আড়াই হাজার কোটি ডলারে নামিয়ে এনেছে।
ঢাকা, ১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এমআর





