দেশের সব বেসরকারি টিভি চ্যানেলকে গত ১৫ বছরে যত বিজ্ঞাপন প্রচার করা হয়েছে তা সিডিতে করে সরকারি সংস্থা জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দিতে বলা হয়েছে। এতে কিছুটা সমস্যায় পড়েছেন টিভি চ্যানেল মালিকরা।
সৃষ্ট এ সমস্যা সমাধানে মঙ্গলবার দেশের বিভিন্ন টিভি চ্যানেল মালিকদের নিয়ে এক বৈঠক করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৈঠকে তিনি বলেন, ভ্যাট-ট্যাক্স প্রদানে দেশের বেসরকারি টিভি চ্যানেলগুলোর মালিকদের  মধ্যে নেতিবাচক মনোভাবে দেখা যাচ্ছে। তাদের কাছে এটা কাম্য নয়। চ্যানেল মালিকদের প্রতি ক্ষুব্ধ হয়ে অর্থমন্ত্রী বলেন, সবাইকে রাজস্ব দিতে হবে। এবং তা রাজস্ব বোর্ডের আনুযায়ী। তিনি বলেন, রাজস্ব বোর্ডের নির্ধারিত যে ট্যাক্স আছে তা অপরিবর্তিত থাকবে।
মুহিত বলেন, আয়কর যা আছে তাই থাকবে। এটা কমানো যাবে না। এ ছাড়া অন্য যেসব কর আছে তাতে অসামঞ্জস্যতা থাকলে এনবিআরের সঙ্গে বসে তা বিবেচনা করা হবে।
এনবিআরের সমালোচনা করায় চ্যানেল মালিকদের উদ্যেশে তিনি বলেন, আপনারা মুখে যা আসে তাই বলেন। এটা ঠিক না। কথা বলার সময় সংযত হয়ে বলবেন। কী বলছেন তা আগে ভেবে দেখবেন। রাজস্ব বোর্ডের যা দায়িত্ব তারা তা-ই পালন করেছে।
এখানে উল্লেখ্য যে, জাতীয় রাজস্ব বোর্ড সব বেসরকারি টিভি চ্যানেলকে এই মর্মে চিঠি দিয়েছে যে, গত ১৫ বছরে যত বিজ্ঞাপন প্রচার করা হয়েছে তা সিডিতে করে রাজস্ব বোর্ডকে দিতে হবে। মূলত এতেই আপত্তি চ্যানেল মালিকদের।
জানা গেছে, রাজস্ব বোর্ডের একজন যুগ্ম কমিশনার বারবার রাজস্ব তথ্য চেয়ে চিঠি দেয়ায় অসম্মান বোধ করেন টিভি চ্যানেল মালিকরা। এ বিষয়ে অর্থমন্ত্রীর কাছে স্পষ্ট বক্তব্য জানতে চাইলে এতেই খেপে যান অর্থমন্ত্রী।
এ প্রসঙ্গে চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, এনবিআরের ওই কর্মকর্তা এভাবে চিঠি দিতে পারেন না। রাজস্ব প্রতিষ্ঠান চ্যানেল মালিকদের বিভিন্ন ভাবে হয়রানী করা হচ্ছে।
তিনি বলেন, বিটিভির নিউজ বিনা পয়সায় চালাই আমরা। সরকারি অনেক প্রোগ্রামও চালাতে হয় পয়সা ছাড়া। এখান থেকে কোনো টাকাপয়সা পাই না। অথচ রাজস্ব ঠিকমতো দেয়া হয় না বলে বারবার হয়রানী করছে এনবিআর।
শুধু তাই নয়, একই সঙ্গে বৃহৎ করদাতা ইউনিট এবং এনবিআরে কর দেন তারা। এর একটা সমন্বয় দরকার।
[b]ঢাকা, ৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসএমআর[/b]