বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেছেন, হরতাল ও অবরোধের কারণে চলতি বছরে অর্থাৎ ২০১৩-১৪ সালের বাজেটের অর্ধেকের চেয়েও বেশি ক্ষতি হয়েছে।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে টাইম ওয়াস আয়োজিত 'অর্থনীতিতে রাজনৈতিক অস্থিরতার প্রভাব' শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, এ বছর মূল বাজেটের অর্ধেকের বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে আমাদের অর্থনীতি। তবে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ব্যবসায়ীরা। তাদের পাশাপাশি কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও বিভিন্ন যানবাহনের চালকেরা।
দেশে বর্তমানে সাড়ে তিন কোটি মানুষ ব্যবসায়ী দাবি করে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, এই চলমান সংকটে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে আমাদের পরিবহন খাত। এ খাত যাতে ভেঙ্গে পড়ে এবং মানুষ যাতে কোনভাবেই যাতায়াত করতে না পারে তার জন্য ট্রাকে আগুন দেয়া হয়েছে।
প্রায় দুই মাস ধরে চলা টানা অবরোধে যেসকল মানুষ নিহত হয়েছেন তাদের ৭৫ শতাংশই ট্র্রাক চালক দাবি করে কাজী আকরাম বলেন, পরিবহণ ছিল অবরোধকারীদের টার্গেট। তাই তারা চালকদের পুড়িয়ে মেরেছে। আর যারা নিহত হয়েছে তাদের ৭৫ শতাংশ ট্রাক চালক।
মানববন্ধন, সমাবেশ, বিক্ষোভের মত কর্মসূচি পালন করার পর ব্যবসায়ীরা আজ ক্লান্ত হয়েছে পড়েছে দাবি করে ব্যবসায়ী এই নেতা বলেন, আমরা আজ ভাগ্যাহত, আশাহত। আমরা ভেঙ্গে পড়েছি। আর সমাধানের কোনো পথ খুজে পাচ্ছি না। তাই আজ আমরা কান্না শুরু করেছি।
বাংলাদেশের অর্থনীতি ২০১৪ সালে রোল মডেলে চলে গিয়েছিল মন্তব্য করে তিনি বলেন, এই অর্থনীতিকে আজ ধ্বংস করা হয়েছে। আমরা উন্নয়নের যে শিখরে গিয়েছিলাম তা থেকে ছিটকে পড়েছি।
তবে তিনি আবার আশাবাদ ব্যক্ত করে বলেন, যদি এখনই হরতাল ও অবরোধের মত অর্থনীতি ধ্বংস করা কর্মসূচি বন্ধ করা হয় তবে আগামী এক বছরের মধ্যে আবার অর্থনীতির সেই অবস্থায় ফিরে যাওয়া সম্ভব।
সরকারের উদ্দেশ্যে কাজী আকরাম বলেন, মানুষের যান মালের নিরাপত্তা দেয়া আপনাদের অতীব দায়িত্ব। তাই মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিত করুন। আর অন্যদের বলব আর ভোগাবেন না। সংলাপ ও সমাঝোতা যেভাবেই হোক সংকট নিরসনে সমাধান করুন।
দেশে অর্থনীতির যে ক্ষতি হয়েছে তা বলে কোনো লাভ নেই মন্তব্য করে তিনি বলেন, যে ক্ষতি হয়েছে তা বলে লাভ নেই। যত বেশি বলবেন ততবেশি বোমাবাজরা উৎসাহ পাবে। তারা আরও বোমা মারবে।
আইবিএফবির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যামচেম এর সভাপতি আফতাব উল ইসলাম, রিহ্যাব এর সভাপতি আলমগীর শামসুল আলমীন, পর্যটন এসোসিয়েশনের সভাপতি জামিউল আহমেদ, এসএমই ওনার্স এসোসিয়েশন এর সভাপতি আলী জামান, বাংলাদেশ সিএনজি এসোসিয়েশনের আহ্বায়ক মাসুদ খান ও নওগাঁ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্টি এর প্রেসিডেন্ট মোহাম্মদ আলী দ্বীন প্রমুখ।
এমএ/কেএইচ





