অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০৩০ সালের আগেই দারিদ্র দূর হবে। কারণ বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যেখানে ২০০৬ সাল থেকে ২০১০ সালের মধ্যে ব্যাপক বৈষম্য কমেছে। দারিদ্র কমাতে হলে সামাজিক নিরাপত্তা খাতে আরও বরাদ্দ বাড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বুধবার ৬ষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্য মেয়াদী মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, কর্মসংস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মসংস্থান বাড়ানোর ব্যবস্থা নিতে হবে। তাছাড়া আয় বাড়ানোর ব্যবস্থা করা উচিত।

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা ঋণ খেলাপী সংস্কৃতি কমিয়ে সেটিকে ১১ শতাংশে এনেছি। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আগামীতে সম্ভাব্যতা যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। এডিপি বাস্তবায়ন ৯৫ শতাংশ খারাপ নয়।’

তিনি বলেন, রাজস্ব আদায় বাজেট অনুযায়ী অত্যন্ত কম রয়েছে।এটি বাড়ানোর উদ্যোগ নিতে হবে।

এ সময় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ব্যাংক ঋণের সুদের হার ১৭ থেকে ১৮ শতাংশ হারে থাকায় ঋণ নিয়ে আর পরিশোধ করতে পারে না অনেকে। ফলে ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনা থাকে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, ‘ আমাদের অর্জিত প্রবৃদ্ধি ব্যাপক না হলেও হতাশ হওয়ার কিছু নেই। যেটুকু প্রবৃদ্ধি হয়েছে তা গুনগত মানের দিক থেকে অনেক ভাল। কেননা এ প্রবৃদ্ধি বৈষম্য বাড়ায়নি ববং কোনো কোনো ক্ষেত্রে বৈষম্য কমেছে।’

তিনি বলেন, ব্যাপক নজরদারির কারণে ব্যাংকিং খাতে হলমার্কেও মতো কোনো ঘটনা আর ঘটেনি। আগামী সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় সুপারভিশন ব্যাপক বাড়ানো হবে বলেও জানান তিনি।

ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর