বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক রবার্টো এজিভেদো বলেছেন, ‘বালির প্যাকেজ অনুসারে কোটা ও শুল্কমুক্ত সুবিধা পাওয়া সহজ নয়। এ প্যাকেজ বাস্তবায়নের জন্য বাংলাদেশের নেতৃত্বে বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।’
রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে মঙ্গলবার তিনি এ সব কথা বলেন। পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এ অনুষ্ঠানের আয়োজন করে।
মহাপরিচালক বলেন, ‘বালি প্যাকেজ অনুসারে কোটা ও শুল্কমুক্ত সুবিধা পাওয়া সহজ নয়। তবে তার বাস্তবায়নের জন্য সব ধরনের প্রক্রিয়া চলছে।’ চলতি বছরের শেষ নাগাদ বালি প্যাকেজের অগ্রগতি হতে পারে বলেও তিনি এ সময় উল্লেখ করেন।
তিনি বলেন, ‘ইন্দোনেশিয়ার বালি সম্মেলনে যে বাণিজ্য চুক্তি হয়েছে সে ব্যাপারে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে তা নিয়ে আলোচনা করার জন্যই আমি এ দেশে এসেছি।’
তিনি বলেন, ‘রফতানি ক্ষেত্রে বাংলাদেশের বৈচিত্র্য আনা উচিৎ। বিশ্ব বাণিজ্য সংস্থা তার সব সিদ্ধান্ত সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা করেই নেবে।’
এ সময় অন্যদের মধ্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম।
[b]ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]