রাজধানীর পাইকারী ও খুচরা বাজারে গত তিন সপ্তাহ ধরে পেঁয়াজের দাম বাড়তি। দাম বাড়তি রয়েছে রসুনেরও। সেই সঙ্গে পাল্লা দিয়ে এবার বাড়তে শুরু করেছে আদার দামও। আর মৌসুম বিদায়ের সঙ্গে সঙ্গেই সবজির দাম স্থির হয়ে আছে এক সপ্তাহ ধরে।

তবে বাড়তি দরে বিক্রি হচ্ছে অধিকাংশ মাছ। অপরিবর্তিত রয়েছে সব ধরনের মাংসের দাম।

রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি পাল্লা (৫ কেজি) দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। ফেব্রুয়ারি মাসের শেষ দিকে এই দাম ছিল ১২০ টাকা। আর খুচরা বাজারে গতকাল প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকা দরে। আকার ভেদে এই দাম কম-বেশি রয়েছে।

এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারে রসুনের দাম বাড়েনি। তবে বাড়তি দামেই গত কয়েক সপ্তাহ ধরে পেঁয়াজের মতো রসুনও বিক্রি হচ্ছে।

বাজারে প্রতি কেজি রসুন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। বিক্রেতারা বলছেন, আমদানি করা রসুনের দাম বাড়ায় দেশি রসুনের দাম বেড়েছে।

রাজধানীর কয়েকটি খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি কেজি দেশি রসুন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকায়। আমদানি রসুন প্রতিকেজি বিক্রি হচ্ছে বাজার ভেদে ২৫০ থেকে ২৬০ টাকা।

প্রতিকেজি দেশি আদা ১০০ থেকে ১২০ টাকায় এবং চায়না আদা ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। বিক্রেতারা বলছেন, গত এক সপ্তাহে কেজিতে ১০ টাকার মতো বেড়েছে আদার দাম।

তবে মুরগি, ব্রয়লার, গরুসহ সব ধরনের মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। অন্যসব পণ্যের দামও অপরিবর্তিত রয়েছে।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি ফার্মের মুরগি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। প্রতিকেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়।

গরুর মাংস প্রতি কেজি ৩৮০ টাকা এবং খাসির মাংস ৫৫০ থেকে ৫৮০টাকা দরে বিক্রি হচ্ছে।

ফার্মের মুরগির পাশাপাশি ডিমের দামও গত সপ্তাহের মতো বাড়তি দামে বিক্রি হচ্ছে। বাজারে ফার্মের মুরগির ডিম প্রতি হালি ৩২ টাকা, দেশি মুরগির ডিম হালি ৪৫ টাকা ও হাঁসের ডিমের হালি ৪৬ টাকায় বিক্রি হচ্ছে।

তবে স্থিতিশীল রয়েছে সবজির দাম। বিভিন্ন ধরনের সবজির মধ্যে ২০ টাকা কেজিতে আলু, প্রতি কেজি টমেটো ৩০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা, বেগুন জাতভেদে ৩০ থেকে ৪০ টাকা, শিম ৩০ থেকে ৩৫ টাকা, শালগম ৪০ টাকা, করলা ৩০ থেকে ৩৫ টাকা, পেঁপে ৩০ টাকা, বরবটি পাওয়া যাচ্ছে ৩০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

প্রতি কেজি খোলা আটা ৩৪ থেকে ৩৫ টাকা, ২ কেজি ওজনের প্যাকেটজাত আটা ৭০ থেকে ৭২ টাকা, ময়দা ৪২ থেকে ৪৪ টাকা, ২ কেজি ওজনের প্যাকেটজাত ময়দা ৮৮ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতি কেজি দেশি মসুর ডাল ১০৫ টাকা, অ্যাংকর ডাল ১১০ থেকে ১১৫ টাকা ও মোটা দানা ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হয়।

এছাড়া মসলার মধ্যে শুকনা মরিচ ২০০ থেকে ২৩০ টাকা এবং হলুদ ২৯০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

এআইজে