২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ব্যবসা ও শিল্পবান্ধব বলে মন্তব্য করেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)।

বৃহস্পতিবার (০২ জুন) বিকেলে রাজধানীর মতিঝিলে সংগঠনের কার্যালয়ের সভাকক্ষে বাজেট সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলা হয়।

এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদ বলেন, এই বাজেট ব্যবসা ও শিল্পবান্ধব। প্রস্তাবিত বাজেটে শিল্পের মেটারিয়ালসের ওপর ডিউটি ফি কমানো হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে প্যাকেজ ভ্যাট চালু রাখা হয়েছে।

শিল্প অবকাঠামোর উন্নয়নে এবার বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা-চট্টগ্রামের বাইরেও জেলায়-জেলায় শিল্প কারখানা গড়ে তোলা যাবে। এতে করে বিনিয়োগ বাড়বে।

এ সময় এফবিসিসিআইয়ের প্রথম ভাইস প্রেসিডেন্ট শফিউল ইসলাম, পরিচালক হেলাল উদ্দিন, হারুন-অর-রশিদ, আব্দুল মোতালেব, খন্দকার রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ওএফ