২০১৩ সালের প্রায় পুরোটাজুড়েই ছিল রাজনৈতিক অস্থিরতা। অনিশ্চয়তার কারণে ঋণ চাহিদা ছিল একেবারে কম। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে, আগের বছর ২০১২-এর তুলনায় ২০১৩ সালে সামগ্রিক ব্যাংক খাতে ঋণ বেড়েছে মাত্র ৭ দশমিক ৪১ শতাংশ। আমানত বেড়েছে ১৬ দশমিক ২৬ শতাংশ। এ সময়ে আগের বছরের তুলনায় ১১টি ব্যাংকের ঋণ বিতরণ কমেছে।
বিনিয়োগের চাহিদা না থাকায় বেশ কিছু দিন ধরেই ঋণপ্রবাহ কমছে। গেল ডিসেম্বরের শেষে ব্যাংক খাতের মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে ৪ লাখ ৬৩ হাজার ৮৭০ কোটি টাকা। এ সময়ে আমানতের পরিমাণ ৬ লাখ ২৭ হাজার ২৯৬ কোটি টাকা।
এতে করে ঋণ আমানতের অনুপাত দাঁড়িয়েছে ৭১ দশমিক ১৮ শতাংশ। এর আগের বছর শেষে ঋণ প্রবৃদ্ধি ১২ শতাংশের ওপরে ছিল। ২০১৩ সালের জুন শেষে ঋণ প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছিল ৮ দশমিক ৯৭ শতাংশে। তখন আমানত প্রবৃদ্ধি ছিল ১৬ দশমিক ৩৫ শতাংশে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, ঋণপ্রবাহের এই ভাটা কাটাতে মুদ্রানীতিতে উৎসাহ দেওয়া হয়েছে। সর্বশেষ ঘোষিত চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ বাড়ানোর কথা বলেছে কেন্দ্রীয় ব্যাংক। এ কারণে নভেম্বর পর্যন্ত এ খাতে ১১ দশমিক ১৩ শতাংশ প্রকৃত প্রবৃদ্ধি হওয়ার পরও প্রবৃদ্ধি ধরা হয়েছে ১৬ দশমিক ৫ শতাংশ। আগের মুদ্রানীতিতে যা ১৫ দশমিক ৫ শতাংশ ছিল।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, ডিসেম্বর শেষে রাষ্ট্রীয় মালিকানার চার ব্যাংকে আমানত বেড়েছে ১৮ দশমিক ৩৮ শতাংশ অথচ তাদের ঋণ কমেছে ৪ দশমিক ৬৪ শতাংশ। বিশেষায়িত ব্যাংকগুলোতে আমানত বেড়েছে ৩১ দশমিক ৭৫ শতাংশ। তাদের ঋণ বেড়েছে ১৪ দশমিক ৩৩ শতাংশ।
বেসরকারি ব্যাংকগুলোর ঋণ বেড়েছে ১১ দশমিক ৫২ শতাংশ এবং আমানত বেড়েছে ১৪ দশমিক ৮৩ শতাংশ। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর আমানত বেড়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ এবং ঋণ বেড়েছে শূন্য দশমিক ৬২ শতাংশ। আগের বছরের একই সময়ের তুলনায় ১১টি ব্যাংকের ঋণ কমেছে।
ঋণ কমার তালিকায় রয়েছে রাষ্ট্রীয় মালিকানার সোনালী, জনতা ও অগ্রণী, বেসরকারি খাতের আইসিবি ইসলামী, প্রাইম, শাহজালাল ইসলামী ও ব্র্যাক ব্যাংক এবং বিদেশি মালিকানার স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ব্যাংক অব সিলন, সিটিব্যাংক এনএ ও এইচএসবিসি। এছাড়া গত বছরের মাঝামাঝি সময় থেকে কাজ শুরু করা নতুন ৯টি ব্যাংক ডিসেম্বর পর্যন্ত ২ হাজার ৬৬৯ কোটি টাকা ঋণ দিয়েছে। এসব ব্যাংকের মোট আমানত দাঁড়িয়েছে ২ হাজার ৫৩ কোটি টাকা।
[b]ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসএমআর[/b]
অর্থনীতি
বছর শেষে ব্যাংক ঋণ বেড়েছে মাত্র ৭.৪১%
২০১৩ সালের প্রায় পুরোটাজুড়েই ছিল রাজনৈতিক অস্থিরতা। অনিশ্চয়তার কারণে ঋণ চাহিদা ছিল একেবারে কম। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে, আগের বছর ২০১২-এর তুলনায় ২০১৩ সালে সামগ্রিক ব্যাংক খাতে ঋণ বেড়েছে মাত্র ৭ দশমিক ৪১ শতাংশ।





