এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে ৯ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষর করেছে সরকার। এর মধ্যে ৮ কোটি ২০ লাখ মার্কিন ডলার ঋণ এবং ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার অনুদান রয়েছে।

উপকূলীয় শহরগুলোর পরিবেশগত অবকাঠামোর উন্নয়ন (কোস্টাল টাউনস এনভায়রনমেন্টাল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট) প্রকল্প বাস্তবায়নে এ অর্থ ব্যয় করা হবে।
রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে রোববার দুপুরে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম-সচিব সাইফুদ্দিন আহমেদ এবং এডিবির পক্ষে বাংলাদেশের আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ১১ কোটি ৭১ লাখ মার্কিন ডলার। এডিবির বাইরে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অনুদান এবং বাকি টাকা সরকারি তহবিল থেকে ব্যয় করা হবে

এডিবির সহজ শর্তের এডিএফ (এশিয়ান ডেভলাপমেন্ট ফান্ড) ঋণ ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধযোগ্য এবং সুদের হার ২ শতাংশ। অন্যদিকে এসসিএফ (স্ট্র্যাটেজিক ক্লাইমেট ফান্ড) ঋণ ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৪০ বছরে পরিশোধযোগ্য এবং বার্ষিক সার্ভিস চার্জ শূন্য দশমিক ১ শতাংশ।

ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর