টানা নয় কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতার পর সোমবার মূল্য সংশোধন হয়েছে দেশের শেয়ারবাজারে। আজ দুই স্টক এক্সচেঞ্জেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে সূচক কমেছে। একই সঙ্গে লেনদেন কমেছে দুই বাজারে।
সোমবার ডিএসইর ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,০৫০ পয়েন্টে। এর আগে আজ সকালে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক ৪৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর নিম্নমুখী প্রবণতায় যায় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে ৩০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৭টিরই দাম বেড়েছে, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে ৯২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৭৫ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ১ হাজার ১০১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, টানা তেজিভাবের কারণে অনেক কোম্পানির শেয়ারের দাম বেশ বেড়ে যায়। অনেকের মধ্যে আজ মুনাফা তুলে নেওয়ার প্রবণতা লক্ষ করা যায়। ফলে শেয়ার বিক্রির চাপও বেড়ে যায়। এ কারণে বাজারে মূল্য সংশোধনের ঘটনা ঘটে।
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৬১৯ পয়েন্ট।
সিএসইতে ২২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫২টিরই দাম কমেছে। বেড়েছে ৫৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে ৬৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৫ কোটি টাকা কম। গতকাল সিএসইতে ৭০ কোটি টাকার লেনদেন হয়।
এদিকে ডিএসইতে সোমবার লেনদেনে শীর্ষে রয়েছে যমুনা অয়েল। আজ প্রতিষ্ঠানটির ৪৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, এমজেএল বিডি, সাইফ পাওয়ারটেক, পদ্মা অয়েল, বেক্সিমকো, তিতাস গ্যাস, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন, মেঘনা পেট্রোলিয়াম প্রভৃতি।
ঢাকা, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





