দেশের বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বাড়াতে খাত ও উপখাতভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করবে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও)।
এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি বিভিন্ন খাতের শিল্প-কারখানার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করে তাদের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ মডিউল তৈরি করবে। শ্রমিকদের দক্ষতা বাড়াতে প্রয়োজনে জাপান, সিঙ্গাপুরসহ উন্নত দেশগুলো থেকে উৎপাদনশীলতা বিশেষজ্ঞ এনে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হবে।  মঙ্গলবার জাতীয় উৎপাদনশীলতা পরিষদ (এনপিসি)-এর সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।
দেশের শিল্প ও সেবাসহ বিভিন্নখাতে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় পর্যায়ে কর্ম-কৌশল নির্ধারণের জন্য এ সভার আয়োজন করা হয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এতে সভাপতিত্ব করেন।
সভায় কমিটির সদস্যরা আর্থ-সামাজিক অগ্রগতির ধারা জোরদার করতে উৎপাদনশীলতা বিষয়ক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, তৃণমূল পর্যায়ে উৎপাদনশীলতা বাড়াতে দেশের প্রত্যেক উপজেলায় পলিটেকনিক্যাল ইন্সটিটিউট স্থাপনের পাশাপাশি অধিক পরিমাণে কারিগরি কলেজ ও ইন্সটিটিউট স্থাপন করা প্রয়োজন।
তারা কৃষিখাতে উৎপাদনশীলতা বাড়াতে চাষিদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার পরামর্শ দেন। এক্ষেত্রে তারা সরকারের ক্রয়কর্মসূচি জোরদারের পাশাপাশি কৃষি পণ্যের রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
শিল্পমন্ত্রী বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য উৎপাদনের পরিমাণ বাড়ানোর পাশাপাশি গুণগতমানও জোরদার করতে হবে। দেশের বিভিন্ন খাতে পরিকল্পিতভাবে উৎপাদনশীলতা বাড়াতে শীঘ্রই খাতভিত্তিক প্রোডাক্টিভিটি ও মান নির্ধারণের উদ্যোগ নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য উৎপাদনশীলতা পরিস্থিতির উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারের পরামর্শ দেন তিনি।  
সভায় শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, বাণিজ্য, পাট ও বস্ত্র, শিল্প, তথ্য, কৃষি এবং  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, পরিকল্পনা, জ্বালানী ও খনিজ সম্পদ, বিদ্যুৎ ও সড়ক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, এফবিসিসিআই, ডিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, নাসিব, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি ও আইইবি’র প্রেসিডেন্ট, জাতীয় শ্রমিকলীগ সভাপতি, এমসিসিআই, বিসিআই, বাংলাদেশ জুট মিলস্ অ্যাসোসিয়েশন, এনপিও, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বেপজা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিসহ কমিটির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]