বাংলা নববর্য মানেই পান্তা আর ইলিশ। নববর্যকে সামনে রেখে তাই ইলিশের বাজারে এখন উত্তাপ। এক সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। চাহিদা বেশি থাকায় এখন প্রতিদিনই ইলিশের দাম বাড়ছে বলে জানান ব্যবসায়ীরা। ইলিশের দাম বাড়ছে প্রতিদিনই। পয়লা বৈশাখের বেশকিছু দিন বাকি থাকতেই এক কেজি ওজনের একটি ইলিশের দাম দুই হাজার টাকার বেশি। ওজনের হিসাব না করলেও, হাজার-বারোশোর কমে ইলিশের গায়ে হাত দেয়ায় দায়।
বৈশাখে ইলিশের বাড়তি দামকে অস্বাভাবিক বলছে না বিক্রেতারা। গত বছর হিমাগারে রাখা মাছের দাম খানিকটা কম হলেও, টাটকা তোলা ইলিশ কিনতে খরচটা একটু বেশি হবে বলেই জানালো তারা।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে প্রায় সব বাজারেই বাড়তে শুরু করেছে এই ইলিশের দাম।  পয়লা বৈশাখে ইলিশ খেতেই হবে-এটা কালচারে পরিণত হওয়ায় দামের দিকে লক্ষ না রেখে দাম যতই হোক ইলিশ কিনছেন ক্রেতারা।
বাঙালি সংস্কৃতিতে দিনটি ঘটা করে উদযাপিত হয়ে আসছে বহুকাল ধরে। আর এই দিনের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে পান্তা-ইলিশ।
তাই এ বিশেষ দিনটি আসার আগেই প্রতিবছর আকাশ ছোঁয়া হয়ে যায় ইলিশের দাম। এবারও তার ব্যতিক্রম কিছু হয়নি।
রাজধানীর বাজারগুলোর পাইকারি ও খুচরা বাজারে পাল্লা দিয়ে বাড়ছে ইলিশের দাম। দাম দেখে মনে হচ্ছে, বাংলা বছরের প্রথম দিনকে পুঁজি করে ক্রেতার পকেট কাটছেন মাছ ব্যবসায়ীরা। বাজার ঘুরে দেখা গেছে, ইলিশ এখন নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাইরে।
শনিবার রাজধানীর শান্তিনগর বাজার ও ফকিরাপুল বাজার ঘুরে দেখা গেছে, ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকায় এবং এক হালি ইলিশ বিক্রি হচ্ছে ৪ হাজার ৮০০ টাকায়। অথচ  এক সপ্তাহ আগে ১ পিস ইলিশ ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হয়েছে এবং হালি বিক্রি হয়েছে ২ হাজার থেকে আড়াই হাজার টাকায়।
এদিকে, মাত্র কয়েকদিন আগে কাওরান বাজারের পাইকারি ব্যবসায়ীরা বলেছিলেন ইলিশের মজুদ ভালো আছে, দাম বাড়বে না। তাদের এই ধারণা পাল্টে ইলিশের বাজার উত্তপ্ত হয়ে  উঠলো মাত্র এক সপ্তাহর ব্যবধানে।
অনেক মাছ ব্যবসায়ীকে ক্রেতাদের বলতে শুনা গেছে এখন ইলিশ না কিনে বৈশাখের পর কিনেন। এখন যা অবস্থা ইলিশের গায়ে হাত দেওয়া আর কারেন্টে শক খাওয়া এক কথা। খুচরা মাছ ব্যবসায়ীরা জানালেন, পাইকারি বাজারে ইলিশ মাছের দাম বেড়েছে বলে আমাদেরকেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
বাঙালী জাতির প্রানের ঐতিহ্য প্রধান উৎসব পহেলা বৈশাখ। বাংলার আনন্দ ও উৎসবের দিন। বাংলা নববর্ষ বাঙ্গালির জাতীয় জীবনের সবচেয়ে বড় সর্বজনীন উৎসব। এই দিনে আপন ঐতিহ্যের ধারাবাহিকতায় বাঙ্গালী জাতি আনন্দে মেতে উঠবে। সমগ্র বাংলার আপামর জনসাধারণ এই দিনে সব ভেদাভেদ ভুলে নতুনভাবে সাম্যের এবং অহিংসার মন্ত্রে  উজ্জীবিত হয়। 
[b]ঢাকা, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]