বকেয়া বেতনসহ অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে বুধবার বিকেল থেকে রাজধানীর হাতিরঝিলে অবস্থিত তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সংগঠন বিজিএমইএ (বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন ) এর প্রধান কার্যালয় বিজিএমইএ ভবন ঘেরাও করে রেখেছে রাজধানীর দু’টি পোশাক কারখানার শ্রমিকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার পর থেকে বিজিএমইএ কার্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হতে শুরু করে উত্তর বাড্ডা এলাকার সুনডি নিটওয়্যার ও টোপাজ গার্মেন্টসের শ্রমিকরা।
এ ব্যাপারে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক তপন সাহা জানান, সুনডি কারখানার শ্রমিকরা গত সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের বেতন পাননি।এছাড়া বেতন নিয়ে অনেকদিন ধরেই গড়িমসি করে আসছেন কারখানা কর্তৃপক্ষ। বেতন পাচ্ছেন না টোপাজ কারখানার শ্রমিকরাও।
বিষয়টি সমাধানের লক্ষ্যে গত সপ্তাহেও বিজিএমইএ ভবনে এসে দাবি জানিয়েছিলেন শ্রমিকরা। তখন এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন বিজিএমইএ কর্মকর্তারা।
কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও সমাধান না হওয়ায় বিজিএমইএ ভবন ঘেরাওয়ে বাধ্য হন শ্রমিকরা।
সন্ধ্যা ছয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ভবনের প্রধান ফটক বন্ধ আছে। কয়েকশ‘ শ্রমিক ফটকের সামনে অবস্থান নিয়ে আছেন। এখনও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেআই





