১২ ডিসেম্বর শুক্রবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব মেলা’। মেলায় ওকাপিয়া, ম্যাক্সিমাস, এসার, মাইসেল, জিওমি, এডাটা, আরএনটেক, এইচটিএস, ডিএক্স জেনারেশন, প্রেস্টিজিও, গ্যাজেটগ্যাং সেভেনসহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য পাওয়া যাবে।

মেলায় হুয়াইয়ো, লেনোভো, আসুস, স্যামসাং ও সিম্ফনির মতো প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় বা উপহার অফার দিয়ে পণ্য বিক্রি করবে।

বাজারে আসা সর্বশেষ স্মার্টফোন, ট্যাব ও প্রযুক্তি পণ্য কেনার পাশাপাশি মেলায় বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন ক্রেতারা।

তৃতীয়বারের মতো মেলার আয়োজন করেছে এক্সপো মেকার। এবারের আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে টেলিকম অপারেটর গ্রামীণফোন।

কো-স্পন্সর হিসেবে রয়েছে ওকাপিয়া, ম্যাক্সিমাস, লেনোভো, স্যামসাং ও সিম্ফনি। আর টিকিট বুথ স্পন্সর হিসেবে থাকছে এডাটা।

মেলায় পাঁচটি প্যাভিলিয়ন, পাঁচটি মিনি প্যাভিলিয়ন ও ১১টি স্টলে প্রযুক্তিপণ্য প্রদর্শন করবে বিশ্বের নামিদামি ব্র্যান্ডের বিখ্যাত সব প্রযুক্তি প্রতিষ্ঠান।

১২ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টায় সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত করে দেওয়া হবে।

মেলার শেষ দিন ১৪ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১টা পযর্ন্ত এক্সপো মেকার ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) আয়োজনে হবে বিশেষ সংলাপ ‘কেমন ইন্টারনেট চাই’।

দেশে প্রথমবারের মতো মোবাইল গেইমিংও কনটেস্ট থাকছে মেলায়। এছাড়া, অ্যাপ প্রদর্শনীর জন্য একটি অ্যাপ জোনের ব্যবস্থা থাকছে।

প্রযুক্তিপ্রেমীদের উৎসাহী ও আগ্রহী করে তুলতে বিভিন্ন বিষয়ে সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করা হবে।

মেলা উপলক্ষে ‘গেজ দ্য স্মার্টফোন কনটেস্ট’নামে ফেসবুকে একটি প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে বিজয়ীদের আকর্ষণীয় ট্যাব ও স্মার্টফোন পুরস্কার দেওয়া হবে।

 

প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে মেলা চলবে রাত ৮টা পযর্ন্ত। প্রবেশমূল্য ২০ টাকা। তবে স্কুল শিক্ষার্থীরা ইউনিফর্ম পরা অবস্থায় অথবা আইডিকার্ড প্রদর্শন করলে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।

মেলায় ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আসুস’র কান্ট্রি প্রোডাক্ট ম্যানেজার মোহাম্মদ আল ফুয়াদ।

মেলায় ১২ হাজার থেকে ২৫ হাজার টাকার মধ্যে ছয়টি ভিন্ন ধরনের ট্যাব থাকবে বলে জানান লেনোভো’র প্রোডাক্ট ম্যানেজার খন্দকার খালিদ বিন আহমেদ।

এছাড়া, মেলায় সব ধরনের ট্যাব এবং পিসি দেখানোর সুযোগ থাকবে বলে জানান হুয়াই’র মার্কেটিং ডিরেক্টর সাফায়েত আলম।

এমকে