বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, গার্মেন্টস শিল্পের জন্য বিশেষভাবে বরাদ্দকৃত এক্সপোর্ট প্রসেসিং জোন বা ইপিজেড এলাকায় শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার সুযোগ নেই। আজ সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ইপিজেড করার সময়ই শর্ত ছিল সেখানে ট্রেড ইউনিয়ন করার সুযোগ থাকবে না। বিদেশীরা ইপিজেডে বিনিয়োগ করার সময়ও এ বিষয়টি শর্ত হিসেবে ছিল। তাই ইপিজেডে গার্মেন্টস কারখানায় কর্মরত শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার সুযোগ নেই।
তবে, ইপিজেডে কর্মরত গামের্ন্টস শ্রমিকদের অনেক অধিকারই শ্রম আইন অনুযায়ী পূরণ করা হচ্ছে এমন দাবি করে বাণিজ্যমন্ত্রী আরো বলেন, আইনের সাথে সঙ্গতি রেখে ইপিজেডে প্রয়োজনীয় আরো সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশের গার্মেন্টস খাত দ্রুততার সাথে এগিয়ে চলছে এমন দাবি করে বাণিজ্যমন্ত্রী বলেন, এখানে আমাদের অনেক প্রতিযোগী, তাই শত্রুও কম নয়।
তিনি বলেন, নানা ধরণের প্রতিকূলতা সত্ত্বেও ৩০ বিলিয়ন ডলারের রপ্তানির টার্গেট পুরণে সক্ষম হবে দেশ। বিগত চারদলীয় জোট সরকারের আমলে রপ্তানি আয় মাত্র ১৪ বিলিয়ন ডলার ছিল বলেও মন্তব্য করেন তোফায়েল।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্থগিতকৃত বিশেষ বাণিজ্য সুবিধা জিএসপি ফিরে পেতে সরকার সম্ভাব্য সব ব্যবস্থা নিচ্ছে বলেও জানান বাণিজ্যন্ত্রী। অচিরেই এই সুবিধা ফেরত পাওয়া সম্ভব হবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, রাজনৈতিক কারণে পরিস্থিতির অবনতি হলে এবং জিএসপি ফেরতে সমস্যা দেখা দিলে ভিন্ন কথা।  
সব বাধা উপেক্ষা করে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে শিগগিরই ৫০ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ ও তা অর্জন করা অসম্ভব কিছু নয় বলেও দাবি করেন বাণিজ্যন্ত্রী।
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কে বি [/b]