সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচকের উত্থানের মধ্যে দিয়ে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৬৫০ কোটি টাকা ছাড়িয়েছে।

দিনশেষে ডিএসইর প্রধান সূচক (ডিএসইএক্স) ৩৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৭৯ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ৬৫৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। আর গতকাল লেনদেন হয়েছিল ৬০৮ কোটি টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৪৭ কোটি টাকার বা ৭ দশমিক ৭৭ শতাংশ।

ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২০৯টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, এমারেল্ড অয়েল, ইফাদ অটোস, খুলনা পাওয়ার কোম্পানি, কেডিএস এক্সেসরিজ, বিডি থাই অ্যালুমিনিয়াম, সামিট পাওয়ার এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৭৮ পয়েন্টে। লেনদেন হয়েছে ৪০ কোটি টাকার শেয়ার।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ৬৫টি এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

এমকে