[b]ঢাকা: [/b]ইসলামী ব্যাংকের আমানত ৪৭ হাজার ৩২৭ কোটি টাকা। যা ২০১৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ছিল ৪১ হাজার ৬০৪ কোটি টাকা। এ সময় বিনিয়োগের পরিমাণ ৪১ হাজার ৪৬৩ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ৩৮৪ কোটি টাকা। এ পর্যন্ত মোট বৈদেশিক বাণিজ্য ছিল ৭৭ হাজার ৮১২ কোটি টাকা। এর মধ্যে আমদানি ২৮ হাজার ৫৮৯ কোটি টাকা, রপ্তানি ২০ হাজার ৫২৭ কোটি টাকা এবং রেমিট্যান্স আহরণ হয়েছে ২৮ হাজার ৬৯৬ কোটি টাকা।
ব্যাংকের দুই দিনব্যাপী 'ব্যবসায় উন্নয়ন সম্মেলন ২০১৪ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার। আরও উপস্থিত ছিলেন ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খান, অডিট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এনআরএম বোরহান উদ্দিন, পরিচালক হুমায়ুন বখতিয়ার, মো আবুল হোসেনসহ ২৮৬টি শাখার ব্যবস্থাপকসহ অন্য কর্মকর্তারা।
ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুস্তাফা আনোয়ার বলেন, ইসলামী শরিয়াহ পরিপালন আমাদের দায়বদ্ধতা। গ্রাহকের আস্থা আমাদের পুঁজি। মানুষের ভালোবাসা আমাদের পথচলার প্রেরণা। বিশ্বব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংকসহ আন্তর্জাতিক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকিং ব্যবস্থার প্রতি অধিকতর আগ্রহী হয়ে উঠছে।
তিনি বলেন, ইসলামী ব্যাংকের কল্যাণমুখী কর্মকা- ও সেবার স্বীকৃতি স্বরূপ যুক্তরাজ্যভিত্তিক ম্যাগাজিন 'দি ব্যাংকার' বিশ্বের শীর্ষ এক হাজার ব্যাংকের তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংককে তালিকাভুক্ত করেছে। তালিকায় ইসলামী ব্যাংকের অবস্থান ৯৮৬তম। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এদেশের ষোল কোটি মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে। এ ছাড়া সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্টস (সাফা) পুরস্কার, আইসিএমএবি'র শ্রেষ্ঠ ব্যাংকের পুরস্কার, বেস্ট ব্র্যান্ড পুরস্কার, সেরা ক্রীড়া পৃষ্ঠপোষক পুরস্কার, শ্রেষ্ঠ রেমিট্যান্স সেবা পুরস্কার, প্রথম স্কুল ব্যাংকিং পুরস্কারসহ দেশ-বিদেশের অসংখ্য পুরস্কার লাভ ইসলামী ব্যাংকের সাফল্যের স্বীকৃতি বহন করে।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]