চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম চার মাসে ২৭৯ কোটি ৩১ লাখ টাকা ভ্রমণ কর আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তাও আবার মাত্র পাঁচটি করাঞ্চল থেকে এ রাজস্ব আদায় হয়েছে।
সারাদেশে মোট ৩১টি করাঞ্চলের মধ্যে বাকি ২৬টিতে কোনো কর আদায় হয়নি। এনবিআরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এনবিআর সূত্র জানায়, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত কর অঞ্চল-১ ঢাকা থেকে সবচেয়ে বেশি ভ্রমণ কর আদায় হয়েছে। এ কর অঞ্চল থেকে ৪ মাসে প্রায় ২৬৫ কোটি টাকা ভ্রমণ কর আদায় হয়েছে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ভ্রমণ কর আদায় হয়েছে কর অঞ্চল খুলনা থেকে। এই কর অঞ্চল থেকে প্রায় ১২ কোটি টাকা আদায় করেছে এনবিআর।
এ ছাড়া একই সময়ে কর অঞ্চল রংপুর থেকে ৫৮ লাখ, কর অঞ্চল সিলেট থেকে ৩৯ লাখ ও কর অঞ্চল কুমিল্লা থেকে ৩৪ লাখ টাকা ভ্রমণ কর আদায় করেছে এনবিআর।
এনবিআর সূত্র আরো জানায়, বাংলাদেশ থেকে আকাশ, স্থল কিংবা জল পথে অন্য কোনো দেশে গমনের ক্ষেত্রে ভ্রমণ কর আদায় করা হয়। এ ক্ষেত্রে আকাশ, স্থল কিংবা জল পথে ভ্রমণে যাত্রী প্রতি সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ভ্রমণ কর আদায় করা হয়।
উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দূরপ্রাচ্যের কোনো দেশে আকাশ পথে গমনের ক্ষেত্রে আড়াই হাজার টাকা ভ্রমণ কর আদায়ের নির্দেশনা রয়েছে এনবিআরের। এ ছাড়া সার্কভুক্ত কোনো দেশে আকাশ পথে গমনের ক্ষেত্রে ৮০০ টাকা ভ্রমণ কর আদায়ের বিধান রয়েছে। উল্লেখিত দেশগুলো ছাড়া অন্যান্য দেশে আকাশ পথে ভ্রমণের ক্ষেত্রে ১ হাজার ৮০০ টাকা কর আদায় করা হয়।
অন্যদিকে যে কোনো দেশে স্থল পথে ভ্রমণের ক্ষেত্রে ৫০০ টাকা ও জল পথে গমনের ক্ষেত্রে ৮০০ টাকা কর আদায় করার বিধান রয়েছে।
এ বিষয়ে এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘গত অর্থবছর থেকে ভ্রমণ কর আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু এ ধরনের কর নতুন, তাই করদাতা ও আদায়কারীদের মধ্যে এ নিয়ে নানা ঝামেলা হয়েছিল। তবে চলতি বছর এ কর আদায়ে সাড়া পাওয়া গেছে। করদাতারা স্বতঃস্ফূর্তভাবে কর পরিশোধ করছেন। এনবিআরের নির্দেশনা মেনে কর আদায় করলে অর্থবছরে শেষে এর পরিমাণ আরো বাড়বে।’

এমএম