রাজধানীতে কাপড়ের রং ও নিম্নমানের সুগন্ধি দিয়ে অবৈধভাবে পাউরুটি, বিস্কুট, কেক ও চানাচুর তৈরি হচ্ছে। আজ সোমবার ঢাকার বিভিন্ন  বেকারী ও ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে এসব সনাক্ত করেছে মোবাইল কোর্ট। এ জন্য উৎপাদনের দায়ে ৪ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪০ হাজার জরিমানা এবং মালামাল জব্দ করা হয়েছে।
জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এর উদ্দ্যোগে ওই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বিএসটিআই সূত্রে জানা গেছে, সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিতাভ পরাগ তালুকদার এর নেতৃত্বে মোবাইল কোর্টটি খিলগাঁও ও গোড়ান এলাকায় চারটি প্রতিষ্ঠানে অভিযান চালায়।
প্রতিষ্ঠান চারটি হলো-খিলগাঁও চৌরাস্তায় অবস্থিত ফাহাদ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, ফ্রেশ আল-আমিন বেকারী, সুপার স্টার বেকারী এবং গোড়ান বাজারে অবস্থিত সততা বেকারী। প্রতিটি প্রতিষ্ঠানই বিএসটিআই এর সিএম লাইসেন্স গ্রহণ/নবায়ন ছাড়া অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার উৎপাদন, বিক্রয়-বিতরণ এবং সংরক্ষণ করছিল বলে জানা গেছে।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, ফাহাদ বেকারী, সুপার স্টার বেকারী ও সততা বেকারী অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে প্রিমিসেস এর শর্তাবলী ভঙ্গ করে খাদ্যদ্রব্য উৎপাদন করতে এবং সুপার স্টার বেকারীতে কাপড়ের রং ও নিম্নমানের সুগন্ধি ব্যবহার করতে দেখে আদালত।
এ অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন অধ্যাদেশ ১৯৮৫ এবং এ্যামেন্ডমেন্ট এ্যাক্ট, ২০০৩  এর ১৯,২৪ ধারায় এবং বাংলাদেশ বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ, ১৯৫৯ এ্যামেন্ডমেন্ট এ্যাক্ট, ২০০৫ এর ৬(১),২৩ ও ২৪ ধারায় আদালত প্রতিষ্ঠান সমূহকে শাস্তি প্রদান করে।
ফাহাদ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী এর মালিক মোঃ আলমগীর হোসেন (৪৫) কে ২০ হাজার, ফ্রেশ আল-আমিন বেকারী প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ ইসমাইল (৪৪) কে ২০ হাজার, সুপার স্টার বেকারী এর মালিক আবুল কালাম শাহ ( ৩০) কে ৭০ হাজার এবং গোড়ান বাজারে অবস্থিত সততা বেকারী প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ আবু সিদ্দিক (৩৮) কে আদালত ৩০ হাজার জরিমানা অনাদায়ে প্রত্যেককে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন। আদালত কারখানা সংশোধনের জন্য ১ মাস সময় প্রদান ও নিম্নমানের মানের ক্যামিক্যাল সমূহ জব্দ করে।
অভিযানকালে জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট, বিএসটিআই এর পরিদর্শক মোঃ জাহিদুর রহমান এবং মহানগর পুলিশ এর সম্বন্বয়ে পরিচালনা করা হয়। বিএসটিআই’র এরূপ চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানায়। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছে প্রতিষ্ঠানটি।
[b]ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসএমআর[/b]