আগের বছরে ডিসেম্বরের তুলনায় চলতি বছর জানুয়ারি মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৈদেশিক লেনদেন কমেছে ১৭ শতাংশ। রাজনৈতিক অস্থিরতার কারণে পুঁজিবাজারে মন্দাবস্থা বিরাজ করায় বৈদেশিক লেনদেন কমেছে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।

ডিএসই থেকে প্রাপ্ত তথ্যমতে, গত বছরের ডিসেম্বরের চেয়ে চলতি বছরের জানুয়ারি মাসে ডিএসইতে বৈদেশিক লেনদেন কমেছে ১০২ কোটি ৮৭ লাখ ৩২ হাজার ১৫০ টাকা বা ১৭ শতাংশ।

জানুয়ারি মাসে বিদেশী বিনিয়োগকারীরা মোট ৫০১ কোটি ৮৭ লাখ ৬৯ হাজার ১২৫ টাকার শেয়ার লেনদেন করেছেন। এর মধ্যে শেয়ার কিনেছেন ৩৬৫ কোটি ৪ লাখ ১৮ হাজার ৭০৪ টাকার। আর বিক্রি করেছেন ১৩৬ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ৪২১ টাকার শেয়ার। জানুয়ারি শেষে ডিএসইতে বিদেশী বিনিয়োগকারীদের মোট স্থিতি দাঁড়িয়েছে ২২৮ কোটি ২০ লাখ ৬৮ হাজার ২৮৩ টাকা।

গত ডিসেম্বরে বিদেশী বিনিয়োগকারীরা মোট ৬০৪ কোটি ৭৫ লাখ ১ হাজার ২৭৫ টাকার শেয়ার লেনদেন করেছেন। এর মধ্যে শেয়ার কিনেছেন ৪১০ কোটি ৩৬ লাখ ৩৩ হাজার ৭৬৩ টাকার। আর বিক্রি করেছেন ১৯৪ কোটি ৩৮ লাখ ৬৭ হাজার ৬৭২ টাকার শেয়ার। ফলে ডিসেম্বর শেষে ডিএসইতে বিদেশী বিনিয়োগকারীদের মোট স্থিতি দাঁড়িয়েছে ২১৫ কোটি ৯৭ লাখ ৬৬ হাজার ১৯১ টাকা।

বিদেশী বিনিয়োগ কমার প্রধান কারণ রাজনৈতিক অস্থিরতা বলে জানিয়েছেন পুঁজিবাজার বিশেষজ্ঞ অধ্যাপক আবু আহমেদ। তার মতে, রাজনৈতিক পরিস্থিতির চূড়ান্ত সুরাহা না হওয়া পর্যন্ত দেশী-বিদেশী উভয় শ্রেণীর বিনিয়োগকারী পুঁজিবাজারের প্রতি তেমন আগ্রহী হবেন না।

এএইচ