তোবা গ্রুপের শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস অবিলম্বে দেওয়ার দাবিতে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিকদের ৩০টি সংগঠনের নেতা-কর্মীরা প্রতীকী অনশন শুরু করেছেন। সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ অনশন চলবে।

অনশনের শুরুতে বক্তব্য দেন শ্রমিক কর্মচারী লীগ, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফোরাম, জাতীয় শ্রমিক জোট, জাতীয় গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন, জাতীয় গার্মেন্টস ও দর্জি শ্রমিক জোট সংগঠনের নেতারা। তাঁরা অভিযোগ করেন, বিজিএমইএ চাইলেই সংগঠনের কল্যাণ তহবিল থেকে ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস দিতে পারত। সরকারও চাইলে শ্রমিক কল্যাণ তহবিল থেকে এ অর্থ দিতে পারত। কিন্তু দুই পক্ষের কারোরই সদিচ্ছা ছিল না। তারা তোবা গ্রুপের মালিক দেলোয়ারকে কারাগার থেকে বের করে আনতে শ্রমিকদের জিম্মি করেছে।

অনশনে অংশ নেওয়া ৩০টি শ্রমিক সংগঠনের শতাধিক শ্রমিক সকালে প্রেসক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন। অনশনের গণতান্ত্রিক বামমোর্চা, বিপ্লবিক গণতান্ত্রিক পার্টি, শ্রমিক কর্মচারী লীগ, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফোরাম, জাতীয় শ্রমিক জোট, জাতীয় গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন, জাতীয় গার্মেন্টস ও দর্জি শ্রমিক জোট সংগঠনের নেতারা অংশ নিয়েছেন । তাদের দাবি তোবার আন্দোলনরত শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস এখনই পরিশোধ করতে হবে।

এদিকে, গণতান্ত্রিক বামমোর্চা ও বিপ্লবিক গণতান্ত্রিক পার্টির নেতারা বেলা সাড়ে ১১টার দিকে শ্রম মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশে রওনা দিয়ে সচিবালয়ের সামনে এলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তাদের সঙ্গে পুলিশের বাগবিতন্ডা ও হাতাহাতি হয়। এক পর্যায়ে পুলিশি বাধার মুখে এগুতে না পেরে তারা সচিবালয়ের সামনেই অবস্থান নেন।

উল্লেখ্য, জুন ও জুলাই মাসের বেতন, ওভারটাইমসহ ঈদ বোনাসের দাবিতে রাজধানীর বাড্ডার হোসেন মার্কেটে ঈদের আগের দিন থেকে অনশন করে আসছেন তোবা গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। একই সঙ্গে শ্রমিকরা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেনের শাশুড়ি লাইলী বেগমকে কারখানা ভবনে অবরুদ্ধ করে রাখেন।

ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এমআর