অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সবার ওপর করারোপ করা উচিত, আর এ বিষয়ে সুশীল সমাজ থেকে শুরু করে সবার কথা বলা উচিত।
তিনি বলেন, সবাইকে বাধ্যতামূলক কর দিতে হবে। সেটি ৫, ১০ ও ২০ টাকা হোক। সময় উপযোগী ন্যূনতম এ করারোপে পদক্ষেপ নেওয়া উচিত।
আজ বুধবার রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত ‘পে-রোল ট্যাক্স ও করনেট সম্প্রসারণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, জাতীয় রাজস্ব বোর্ড সদস্য (কর পরিদর্শন) জিয়া উদ্দিন মাহমুদ।
সেমিনারে মুলপ্রবন্ধ উপস্থাপন করেন, বৃহৎ করদাতা ইউনিটের কমিশনার মো. আলমগীর হোসেন। পে-রোল ট্যাক্সের ওপর আলোচনা করেন, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের কম্পটোলার অ্যান্ড অডিটর জেনারেল মাসুদ আহমেদ। সেমিনারে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
এমবি





