রাজধানীর আশুলিয়ার নরসিংহপুরের এশিয়া ডিজাইন লি: এর শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ হয়ে যাওয়া কারখানাটি দ্রুত খোলার দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে কারখানার শ্রমিকরা।
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান ধর্মঘট পালন শুরু করেন, এ প্রতিবেদন লেখা পযন্তও এ কর্মসূচী চলছিল।
এর আগে গত সপ্তাহেও বিকেএমইএ ভুক্ত এ কারখানাটির শ্রমিকরা একই দাবিতে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ পালন করেছিল।
অবস্থান ধর্মঘটে অংশ নিয়ে আশুলিয়া থানা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি সরোয়ার হোসেন বলেন, এশিয়া ডিজাইন লি: এর ১২০ জন শ্রমিকের ৩ মাসের বকেয়া বেতন না দিয়ে অবৈধভাবে কোন নোটিশ ছাড়াই মালিক কর্তৃপক্ষ গত ২৫ জুন কারখানায় তালা লাগিয়ে দেয়। ফলে আসন্ন ঈদকে সামনে রেখে শ্রমিকরা অনিশ্চিয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
তিনি বলেন, গত ১১ জুন কারখানার চেয়ারম্যান মজিবুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে শ্রমিক নেতৃবৃন্দ ও কারখানার শ্রমিকদের সভায় বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালু রাখার সিদ্ধান্ত হয়। তারপরও মালিক পক্ষ আইনকে অসম্মান করে বিভিন্ন তারিখ দিয়েও এসব সিদ্ধান্ত মানেনি।
অবস্থান ধর্মঘটে এশিয়া ডিজাইন লি: শ্রমিক সংগ্রাম কমিটির নেতা আনোয়ার হোসেন হান্নান বলেন, গত ৩০ জুন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়, বিকেএমইএ এবং কলকারখানা অধিদপ্তরে লিখিতভাবে বিষয়টি সমাধানের জন্য আবেদন করেও কোন সাড়া পায়নি আমরা। পরে গত ০২ জুলাই প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট শুরু করলে মালিকপক্ষ ০৫ জুলাই বেতনভাতা পরিশোধের আশ্বাস দিলে আমরা ধর্মঘট স্থগিত করেছিলাম।
তিনি বলেন, এরপরও মালিকপক্ষ শ্রমিকদের সাথে প্রতারণা করে। ফলে ঈদ পূর্ববর্তী সময়ে শ্রমিকদের দুর্দশার কথা চিন্তা করে আমরা শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট পালন করতে বাধ্য হয়েছি।
অবস্থান ধর্মঘটে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মামুন, খোর্শেদ ইব্রাহিম, শিরীন সুলতানাসহ কারখানার শ্রমিকরা।
এমএ/এমকে





