চাকুরি বিধিমালা, ২০১৪ এর প্রজ্ঞাপন জারি করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন চাকুরিবিধি অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের মতো ঋণ সুবিধা পাবেন বিএসইসি’র কর্মকর্তা-কর্মচারীরা। পাশাপাশি কর্মদিবসগুলোতে খোরাকি ও উৎসব ভাতা পাবেন তারা। আজ মঙ্গলবার এ প্রজ্ঞাপন জারি করা হয়।
এছাড়া নতুন বিধি অনুযায়ী  কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের শুধুমাত্র গৃহনির্মাণ ও গাড়ি কেনার জন্য ঋণ সুবিধা দেওয়া হবে। এ ক্ষেত্রে সকল কর্মকর্তা-কর্মচারী গৃহনির্মাণ সুবিধা পাবেন। এর জন্য সর্বোচ্চ ঋণ সুবিধা দেওয়া হবে ৬০ লাখ টাকা। তবে গাড়ি কেনার ক্ষেত্রে অর্থাৎ প্রাইভেট কার কিনতে ঋণ সুবিধা পাবেন কমিশনের সহকারি পরিচালক থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর জন্য সর্বোচ্চ ঋণ সুবিধা দেওয়া হবে ২০ লাখ টাকা। আর সহকারি পরিচালক থেকে নিম্নপদস্থ কর্মচারীরা (ব্যক্তিগত সহকারি, অফিস সহকারি, রিসিপশনিস্ট, টেলিফোন অপারেটর, ড্রাইভার, এমএলএসএস, ক্লিনার) প্রাইভেট কারের পরিবর্তে মোটরসাইকেল কিনতে সর্বোচ্চ দুই লাখ টাকা ঋণ সুবিধা পাবেন। এ ছাড়া সকল কর্মকর্তা-কর্মচারী দুপুরের খাওয়া বাবদ ২০০ টাকা করে পাবেন। এর জন্য বেতন কাঠামো অনুসারে একটি নীতিমালা করা হবে।
তবে এসব সুয়োগ সুবিধা কেবল কমিশনের স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা ভোগ করবেন। আর ঋণ বন্টন কার্যক্রম বাংলাদেশ ব্যাংকের নীতিমালার আদলেই করা হবে। তবে কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন স্কেল অনুসারেই ঋণ সুবিধা দেওয়া হবে।
বিএসইসি’র প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ও অর্থ মন্ত্রণালয়ের সম্মতিক্রমে গত ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (কর্মকর্তা ও কর্মচারী) চাকুরি বিধিমালা, ২০১৪ অনুমোদন দেয় আইন মন্ত্রণালয়।
এর আগে গত বছরের ২০ অক্টোবর খসড়া বিধিমালার প্রস্তাবিত ধারাগুলোর সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ একমত পোষণ করে বিএসইসিকে চিঠি পাঠায়। চিঠিতে স্বাক্ষর করেন উপ-সচিব সুভাশিষ সাহা।
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]