মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ ব্যবস্থায় আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক প্রতিষ্ঠান ফাইনান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স (এফএটিএফ) এই স্বীকৃতি দিয়েছে।  সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ তথ্য জানান।
এর মাধ্যমে গত সাড়ে তিন বছরের নিরলস প্রচেষ্টা ও বাংলাদেশে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ ব্যবস্থার এবং এর আইনী কাঠামোতে ব্যাপক পরিবর্তন ও বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটের উন্নীত মানে নেওয়ার স্বীকৃতি পাওয়া গেলো বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী।
মুহিত বলেন, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণকারী সংস্থা ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স (এফএটিএফ) বাংলাদেশকে ওই স্বীকৃতি দিয়েছে। সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত সভায় এফএটিএফের ধূসর তালিকা থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে।
অর্থমন্ত্রী বলেন, গত কয়েক বছরে আমরা মানি লন্ডারিং প্রতিরোধে যেসব বিধি-বিধান তৈরি করেছি, সেই প্রেক্ষিতেই এফএটিএফের সভায় বাংলাদেশের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। ধূসর তালিকা যেটা ছিল, তা থেকে যদি আমরা কালো তালিকায় ঢুকে যেতাম তাহলে আন্তর্জাতিকভাবে আমাদের মানমর্যাদা প্রশ্নের মুখে পড়ত।
সংবাদ সম্মেলনে বাংলাদেশে ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, এখন ঋণপত্র (এলসি) খোলায় খরচ কম হবে। ধূসর বা কালো তালিকাভুক্ত থাকলে বৈদেশিক সাহায্য পেতেও সমস্যা হয়।
[b]ঢাকা, ১৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]