বকেয়া বেতনের দাবি ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভসহ কর্মবিরতী পালন করছেন শিল্পাঞ্চল আশুলিয়ায় বেরন এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার সকালে কারখানায় প্রবেশের পর শিল্পাঞ্চলের ইয়াগী বাংলাদেশ লি. কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ কর্মসূচী পালন করে।

উল্লেখ্য সোমবার সকালে কারখানাটির শ্রমিকরা কাজে যোগ দিতে এসে মূল ফটকে শ্রমিক ছাঁটাইয়ের নোটিশ দেখতে পান। শ্রমিকরা কারখানার ভেতরে প্রবেশ করলেও কর্মবিরতী পালন করেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, বিভিন্ন সময় মালিকপক্ষের লোকজন বহিরাগত সন্ত্রাসী দিয়ে আমাদের ওপর নির্যাতন চালায়। প্রতিবাদ করায় সোমবার সকালে বেশ কয়েকজন শ্রমিককে ছাঁটাইয়ের নোটিশ ঝুলিয়ে দেয় তারা।

আশুলিয়া শিল্প পুলিশ-১’র পরিচালক মোস্তাফিজার রহমান জানান, বকেয়া বেতনের বিষয়টি মালিক পক্ষের সঙ্গে কথা বলে মীমাংসার চেষ্টা করা হচ্ছে।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর