বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, উজবেকিস্তানে তৈরি পোশাক ও ওষুধ রফতানি বৃদ্ধি করতে পদক্ষেপ নেবে বাংলাদেশ। আমাদের তৈরি পোশাক বিশ্ববাজারে জনপ্রিয়তা অর্জন করেছে। এজন্য উজবেকিস্তানও তাদের দেশে বাংলাদেশি পোশাকের বাজার তৈরি করতে আগ্রহী। এ জন্য তারা আমাদের দেশে বিশেষ সুবিধার আওতায় তুলা রফতানিতে করতে চায়।
এ প্রেক্ষিতে মন্ত্রী এশিয়ার সম্পদশালী এ দেশটিতে শুল্কমুক্ত কোটা ফিতে পণ্য প্রবেশাধিকার পাওয়া গেলে রপ্তানির পরিমাণ আরও বাড়বে বলে জানান।
বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ঢাকায় সফররত উজবেকিস্তানের ফরেন ইকনোমিক অ্যাফেয়ার্স, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বিষয়ক মন্ত্রী ইলিয়র মাজিদোভিচের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
তোফায়েল আহমেদ জানান, উজবেকিস্তান আমাদের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী। আমরা সেখানে রফতানি বৃদ্ধি করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবো। এজন্য উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে চাহিদা মোতাবেক আমদানি ও রফতানি পণ্য নির্ধারণ করা হবে।
মন্ত্রী বলেন, বাণিজ্য বৃদ্ধির জন্য দুদেশের মানুষের যোগাযোগ বৃদ্ধি করা প্রয়োজন। এজন্য পর্যটকদের যাতায়াত সহজ করার উদ্যোগ নিবে উভয় দেশ। উজবেকিস্তানের প্রতিনিধিরা তাদের দেশে বাংলাদেশকে বিনিয়োগ করতে আহ্বান জানিয়েছেন।
তিনি আরও জানান, বাংলাদেশের তৈরি ওষুধ আন্তর্জাতিক মানের। যৌথ উদ্যোগে ওষুধ কারখানা স্থাপনেও তারা আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া বাংলাদেশের তৈরি অন্যান্য পণ্য সেদেশে রপ্তানি বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
তোফায়েল আহমেদ উল্লেখ করেন, উজবেকিস্তানের সঙ্গে বাণিজ্যের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগানো উচিত। সরকার বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত গ্রহণ করবে।
বৈঠকে অন্যান্যর মধ্যে বাণিজ্য সচিব মাহবুব আহমেদ, উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসউদ মান্নান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) ড. রুহুল আমীন সরকার উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]