বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অভিযোগ করে বলেছেন, পোশাক শিল্পের শ্রমিকদের বেতন প্রায় দুইশ ২৭ শতাংশ বাড়লেও ক্রেতারা বাংলাদেশের পোশাকের দাম সে তুলনায় বাড়াননি। এ জন্য বাংলাদেশের তৈরি পোশাকের দাম বাড়াতে বিদেশী ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার সচিবালয়ে ঢাকা সফররত কানাডার হাউজ অফ কমন্স-এর এনডিপি এমপি ম্যাথিউ কেলওয়ে’র নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
রানা প্লাজার ঘটনায় ক্ষতিপূরণ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে বিদেশী ক্রেতাদের কাছ থেকে অর্থনৈতিকভাবে সহযোগিতা অঙ্গীকার থাকলেও দু’একজন ছাড়া বাকিদের কাছ থেকে কোনো সহযোগিতা এখনও পাওয়া যায়নি। তবে রানা প্লাজার ঘটনায় ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের দায়িত্ব সরকারের।
মন্ত্রী জানান, এ ছাড়া গার্মেন্টস শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ (শ্রমিক নির্যাতন, ট্রেড ইউনিয়নে বাধা প্রদান) নিষ্পত্তিতে ‘বিকল্প বিরোধ নিষ্পত্তি’ (অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন) চালু করা হবে এবং এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হবে। একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা কমিটির প্রধান হবেন। কমিটিতে গার্মেন্টস শ্রমিক, মালিকপক্ষ, শ্রমমন্ত্রণালয় ও বাণিজ্যমন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন।
তিনি বলেন, রানা প্লাজার ঘটনার পর তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের নিরাপত্তা, অগ্নিনিরাপত্তা ও ভবন নিরাপত্তায় বাংলাদেশ সরকার কী ব্যবস্থা নিয়েছে-সেটা দেখার জন্য কানাডার প্রতিনিধি দল উদগ্রীব হয়ে আছে। বৈঠকে এ সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি যে, ওই ঘটনার পর দেশের তৈরি পোশাক শিল্পের মালিকরা সর্তক হয়েছেন।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর
[/b]