গত সপ্তাহের তুলনায় রাজধানীর কাঁচাবাজারে সব ধরণের সবজিরই দাম বেড়েছে কেজিপ্রতি ২ থেকে ৫ টাকা। বাজার মনিটরিংয়ের অভাবেই নিয়ন্ত্রণে আসছে না নিত্যপণ্যের দাম।
এমন অভিযোগ ক্রেতাদের, আর বিক্রেতারা বলছেন, নতুন সবজি বাজারে আসলে পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে সরবরাহ ভালো থাকায় মাছবাজার কিছুটা স্থিতিশীল।
ছুটির দিন তাই স্বাভাবিকের চেয়ে বাজারে ক্রেতাদের উপস্থিতি বেশি। ব্যস্ততা না থাকায় পুরো সপ্তাহের প্রয়োজনীয় পণ্যের কেনাকাটাও সেরে ফেলেন অনেকে। তবে শাক সবজির বাজারে ঢুকেই চোখ কপালে। সেখানে বেড়েছে সবকিছুর দাম।
গত সপ্তাহের চেয়ে ১০ টাকা বেড়ে কেজিপ্রতি বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা, ঢেঁড়স ৫০, শিম ১০০, ঝিঙা ৪৫, চিচিঙ্গা ৫০, আর আলু বিক্রি হচ্ছে ২৪ টাকা কেজি। নতুন সবজি আসলে কমে যাবে দাম, এমনটাই মত বিক্রেতাদের আর ক্রেতাদের সব অভিযোগ বাজার নিয়ন্ত্রকদের প্রতি।
ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি রয়েছে মাছ বাজারে। সরবরাহ ভালো থাকায় অপেক্ষাকৃত কম দামে মাছ কিনতে পারছেন ক্রেতারা। গেল সপ্তাহের চেয়ে কিছুটা কমে হালিপ্রতি মাঝারি আকারের ইলিশ বিক্রি হচ্ছে ২৮'শ থেকে তিন হাজার টাকায়।
কেজিতে দশ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ টাকা, গরু ২৮০, আর কেজিপ্রতি ৩০ টাকা বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে ৪৮০ টাকা।
ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





