২ থেকে ৮ জুলাই দেশে উদযাপিত হতে যাচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৪। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মৎস্য সপ্তাহ'র উদ্বোধন করবেন।

আজ মঙ্গলবার দুপুরে মৎস্য ভবনে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক জানান, ২০১২-১৩ সালে দেশে মোট ৩৪ দশমিক ১০ লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে। যার চলতি মূল্যমান প্রায় ৫০ হাজার কোটি টাকা।

তিনি বলেন, বর্তমান সরকারের কার্যকরী পদক্ষেপ ও কর্মসুচি গ্রহণের ফলে ২০১৩-১৪ সালের মে মাস পর্যন্ত রপ্তানি আয় হয়েছে ৪,৪৩৩ কোটি টাকা।

মন্ত্রী বলেন, দেশের মোট কৃষিজ আয়ের ২৩ দশমিক ৩৭ শতাংশ, রপ্তানি আয়ের ২ দশমিক ০১শতাংশ এবং জিডিপিতে ৪ দশমিক ৩৭ শতাংশ মৎস্য খাতের অবদান রয়েছে। তাছাড়া দৈনন্দিন খাদ্যে প্রাণিজ আমিষের সিংহভাগ অর্থাৎ প্রায় ৬০ শতাংশ যোগান দেয় বাংলাদেশের উৎপাদিত মৎস্য সম্পদ হতে।

তিনি বলেন, চিংড়ি রোগ সনাক্তকরণের জন্য ল্যাবরেটরি স্থাপন, বাগদা চিংড়ির রোগ মুক্ত প্যারেন্টস আমদানি, উন্নত চিংড়ি চাষ ব্যবস্থাপনার ওপর বিশেষ প্রদর্শনী স্থাপন করা হয়েছে। মৎস্য মান নিয়ন্ত্রণের জন্য ৩টি ল্যাবরেটরির এক্রিডিটেশন অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এবং একটি নতুন রেফারেন্স ল্যাবরেটরি ২০১৪ সনেই চালু হবে।

অভ্যন্তরীণ বাজারে নিরাপদ মাছ বিপণনে ফরমালিনের অপব্যবহার রোধে মৎস্য অধিদপ্তর কর্তৃক বিভাগ ও জেলা পর্যায়ে ফরমালিন বিরোধী অভিযানসহ ৮০টি আধুনিক ফরমালিন ডিটেকটিং ডিজিটাল কিট সরবরাহ করা হয়েছে বলে মন্ত্রী সাংবাদিকদের জানান।

মৎস্য অধিদপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৪ উদ্যাপনের তাৎপর্যসহ মৎস্য সেক্টরের সামগ্রিক কর্মকান্ড উপস্থাপনকালে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, বিএফডিসি-এর চেয়ারম্যান পিউস কস্তা, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনষ্টিটিউট-এর মহাপরিচালক মোহাম্মদ জাহের, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ