জালিয়াতি রোধে ও লেনদেন ঝুঁকিমুক্ত করতে সব ব্যাংকের এটিএম (অটোমেটেড টেলার মেশিন) বুথে 'অ্যান্টি স্কিমিং ডিভাইস' স্থাপন বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মোহাম্মদ ইস্কান্দার মিয়া স্বাক্ষরিত এক সার্কুলারে এ কথা জানানো হয়।

সার্কুলারে বলা হয়, এখন থেকে নতুন বুথ স্থাপনের সময় এ 'অ্যান্টি স্কিমিং ডিভাইস' লাগাতে হবে। বর্তমানে যেসব বুথ আছে এক মাসের মধ্যে সেগুলোতে এটি স্থাপন করতে হবে।

এতে বলা হয়, প্রতিদিন এটিএম বুথে লেনদেনের ভিডিও ফুটেজ সংগ্রহ করে সব ব্যাংককে পর্যবেক্ষণ করতে হবে। এক্ষেত্রে সন্দেহজনক বিষয় থাকলে সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে।

সার্কুলারে বলা হয়, জালিয়াতি প্রতিরোধে এটিএম বুথে নিয়োজিত প্রহরীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে। এটিএম বুথে টুপি ও সানগ্লাস পরিধানকারী এবং ব্যাগ বহকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। টাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে এসএমএস দিয়ে সংশ্লিষ্ট গ্রাহককে তথ্য দিতে হবে।

ওএফ