মিশ্র প্রবণতায় বৃহস্পতিবার দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনের শুরুতে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও কিছুক্ষণ পর তা নিম্নমুখী হয়। পরবর্তী সময়ে পুনরায় সূচক ঊর্ধ্বমুখী হয় এবং একই প্রবণতায় দিনের লেনদেন শেষ হয়। দিনশেষে সূচক সামান্য বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৪০৯ পয়েন্টে। ডিএসইতে মোট ২৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫২টি, কমেছে ১০৪টি আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩০২ কোটি ৭৮ লাখ টাকার।
বৃহস্পতিবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। এ দিন এ কোম্পানির ৭৯ লাখ ৭৫ হাজার ৭০০টি শেয়ার ২৪ কোটি ৮ লাখ ৫৪ হাজার টাকায় লেনদেন হয়েছে।
বুধবার ডিএসই’র ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৩০৩ পয়েন্টে। এ দিন লেনদেন হয় ৩৩৭ কোটি ৭২ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। সে হিসাবে বৃহস্পতিবার লেনদেন কমেছে ৩৪ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৪০৬ পয়েন্টে। সিএসইতে মোট ২১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ৯১টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩১ কোটি ২১ লাখ টাকার।
ঢাকা, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর





