লিচুর জেলা হিসেবে খ্যাত দিনাজপুর শহর। এখানকার লিচু দেশের প্রায় সব অঞ্চলেই সরবরাহ করা হয়ে থাকে। কারণ দিনাজপুর জেলা লিচুর জন্যই বিখ্যাত। অন্য জেলায় লিচুর চাষ হলেও এখানকার লিচুর কদর আলাদা।

সাধারণত দিনাজপুরে যেসব লিচুর চাষাবাদ করা হয়ে থাকে তার মধ্যে বোম্বাই, মাদ্রাজি, চায়না থ্রি এবং বেদনা উল্লেখযোগ্য। সঠিক আবহাওয়া থাকলে এবং প্রাকৃতিক কোনো দূর্যোগ দেখা না দিলে গতবারের চেয়ে এবার লিচুর বাম্পার ফলন হবে বলে কৃষকের আশা।

তাই লিচুর বাগানের মুকুল আসতেই বাগানের পরিচর্যা শুরু করেছেন কৃষকেরা। রীতিমত চলছে গাছে সার এবং পানি দেয়া, সঠিকমতো বালাইনাশক এবং কীটনাশক ওষুধ প্রয়োগ করা । লিচু চাষীরা জানান কৃষি কর্মকর্তারাও আমাদের প্রয়োজনমতো পরামর্শ দেন।

দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা যায় চলতি বছরে দিনাজপুর জেলায় ২ হাজার ৬শ' হেক্টর জমিতে লিচু চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রতিবারের ন্যায় এবারো ঢাকা, রংপুর, চট্টগ্রাম, খুলনা ও যশোরসহ বিভিন্ন এলাকা থেকে আসা লিচুব্যবসায়ীরা অধিক লাভের আশায় লিচুর বাগান ক্রয় করা শুরু করেছে।

এআর