শিল্পপতি ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে ডাক-টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, নারীদেরকে পুতুল ও পণ্য বানাবেন না। নারীকে মানবতাবাদী বানান। দেশের শীর্ষ ক্ষমতায়নে এখন নারী। দেশের প্রধানমন্ত্রী নারী। নারীদের আত্মমর্যদাশীল হতে সহায়তা করুন ।
উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথি অভ্যর্থনায় সাজসজ্জিত উঠতি বয়সের তরুণীদের উপস্থিতি দেখে ক্ষুদ্ধ হয়ে মন্ত্রী এসব কথা বলেন। তবে বক্তব্যের শেষে এসে এ বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করেন মন্ত্রী।
সোমবার সন্ধায় হোটেল ওয়েস্টিনে আইএফআইসি ব্যাংকের মোবাইল ব্যাংকিং কার্যক্রমের উদ্ধোধনকালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সালমান এফ রহমান, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ এ সারওয়ার। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিষ্টার নাজমুল হুদা, আইএফআইসি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান, মো. লুৎফর রহমান বাদল, গ্রামীণ ফোনের সিইও বিবেক সুদ প্রমুখ।
অনুষ্ঠনে জানানো হয়, আইএফআইসি মোবাইল ব্যাংকিং-এ সঞ্চয়ী হিসাব খোলা থেকে শুরু করে নগদ টাকা লেনদেন, স্থানান্তার, রেমিট্যান্স সেবাসহ মোবাইল ব্যাংকিং-এর সাধারণ সেবাগুলো থাকবে। দেশে প্রথম বারের মত মোবাইল ব্যাংকিং-এ নতুন সংযোগ হিসেবে ইংরেজির পাশাপাশি বাংলার ব্যবহারও রাখা হয়েছে।
গ্রামীণ ফোন, বাংলালিংক ও এয়ারটেলের গ্রাহকরা রেজিস্ট্রেশনের পরে ইউএসএসডি কোড অর্থাৎ *২৫৫# ডায়াল করে এ সেবা গ্রহণ করা যাবে।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]