বিস্তৃত ব্যবসা কিছুটা সংকোচনের চিন্তা করছে বিশ্বের সর্ববৃহত্ খাদ্য ও কোমলপানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান নেসলে। এর অংশ হিসেবে ৩০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে হিমায়িত খাদ্য ব্যবসা ইউনিট দাভিজেল বিক্রির চেষ্টা করছে তারা। নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্র একথা জানায়।
গত সোমবার সূত্র জানায়, হিমায়িত খাদ্য ব্যবসা ইউনিট দাভিজেল বিক্রিতে সম্ভাব্য ক্রেতা খুঁজছে নেসলে। ক্রেতা হিসেবে যেসব প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে তাদের মধ্যে বিভিন্ন বেসরকারি ইকুইটি প্রতিষ্ঠান ছাড়াও রয়েছে ব্রেক ব্রাদার্স, বুকার গ্রুপ ও সোডেক্সহো। তবে বিগত দিনগুলোয় খাদ্য ব্যবসায় বেইন অ্যান্ড কোম্পানি ও ক্লেটন, দুবিলিয়ার অ্যান্ড রাইস বিনিয়োগ করায় নেসলে এদেরই বেছে নেবে বলে ধারণা করছেন অনেকেই।
দাভিজেল হিমায়িত খাদ্য ছাড়াও শিশুখাদ্য থেকে শুরু করে রেস্টুরেন্ট এবং বিভিন্ন হাসপাতালের খাবার ও আইসক্রিমও তৈরি করে থাকে। নেসলে দাভিজেল বিক্রির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাংককে দায়িত্ব না দিলেও বিগত সময়গুলোয় এসব কাজে ক্রেডিট সুইজের সহায়তা নিয়েছে তারা।
ফলে এবারো এ-সংক্রান্ত দায়িত্ব ক্রেডিট সুইজকে দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু ব্যাংকটির পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। খবর রয়টার্সের।
[b]ঢাকা, ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসএমআর[/b]