চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) রাজস্ব আদায়ে আয়কর ঘাটতি রয়েছে সাড়ে ৪ হাজার কোটি টাকা। এ ঘাটতি বিগত যে কোনো সময়ের তুলনায় বেশি বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে।
জানা যায়, চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে আয়কর খাতে ২৫ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে সাড়ে ২০ হাজার কোটি টাকা। অর্থাৎ এ সময়ে রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে সাড়ে ৪ হাজার কোটি টাকা।
জানা যায়, চলতি অর্থবছর আয়কর, ভ্যাট, শুল্ক ও অন্যান্য খাতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকা। কিন্তু এ খাতে অবনতির ফলে ১১ হাজার ৯০ কোটি টাকা কমিয়ে নতুন সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এনবিআর।
তাই বর্তমানে সংশোধিত নতুন রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা, যা বিদায়ী (২০১২-১৩) অর্থবছরে ছিল ১ লাখ ১২ হাজার ২৫৯ কোটি টাকা। অবশ্য বিদায়ী অর্থবছরে রাজস্ব ঘাটতি ছিল প্রায় ৪ হাজার কোটি টাকা।
কিন্ত চলতি অর্থবছরের প্রথম ৮ মাসের শুধু আয়কর খাতে লক্ষ্যমাত্রার চেয়ে সাড়ে ৪ হাজার কোটি টাকা কম আদায় হয়েছে।
[b]ঢাকা, ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]