উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ১৯, ২৪, ২৭ ফেব্রুয়ারি এবং ১ ও ১৫ মার্চ নির্বাচনী এলাকায় তফসিলি ব্যাংকগুলো বন্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি প্রথম পর্যায়ের ৯৭ উপজেলা পরিষদ, ২৪ ফেব্রুয়ারি প্রথম পর্যায়ের অন্তর্ভুক্ত রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা পরিষদ, ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ের ১১৭ উপজেলা পরিষদ, ১ মার্চ শনিবার দ্বিতীয় পর্যায়ের অন্তর্ভুক্ত কক্সবাজার মহেশখালী উপজেলা পরিষদ এবং ১৫ মার্চ তৃতীয় পর্যায়ের ৮৩ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ এবং ভোটগ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলোতে তফসিলি ব্যাংকের সব শাখা বন্ধ থাকবে।
[b]ঢাকা, ১৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]