বাংলাদেশ ব্যাংক গতকাল মঙ্গলবার ব্যাংকগুলোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা-সংক্রান্ত এ নির্দেশনা জারি করে। এর মাধ্যমে ২০১৬ সালে জারি করা অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালনবিষয়ক নির্দেশনা বাতিল করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ঝুঁকিভিত্তিক তদারকি (রিস্কবেইজড সুপারভিশন) ব্যবস্থা চালুর পর বিদ্যমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন এই নির্দেশনা প্রণয়ন করা হয়েছে। এতে মূলত অভ্যন্তরীণ নিরীক্ষা ও কমপ্লায়েন্স পরিচালনার কাঠামো নির্ধারণ করা হয়েছে। ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে পৃথক নির্দেশনা দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, নতুন নির্দেশনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো অভ্যন্তরীণ নিরীক্ষা ও কমপ্লায়েন্সকে আলাদা করা। এতদিন একজন হেড অব আইসিসি (ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স) উভয় বিভাগের দায়িত্ব পালন করলেও এখন থেকে হেড অব ইন্টারনাল অডিট এবং হেড অব কমপ্লায়েন্স হিসেবে পৃথক কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। তাদের পদমর্যাদা সমান থাকবে। এতে নিরীক্ষায় ধরা পড়া অনিয়ম উপেক্ষার সুযোগ কমবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন ব্যবস্থায় হেড অব ইন্টারনাল অডিট সরাসরি ব্যাংকের পরিচালনা পর্ষদের অডিট কমিটির কাছে প্রতিবেদন দাখিল করবেন। আগে এ দায়িত্ব ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মাধ্যমে পালন করতে হতো। ফলে নিরীক্ষা বিভাগের স্বাধীনতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, অভ্যন্তরীণ নিরীক্ষায় পরিচালনা পর্ষদ বা ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে কোনো অনিয়ম ধরা পড়লে তা গোপনীয়ভাবে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ এবং সংশ্লিষ্ট তদারকি বিভাগকে জানাতে হবে। আগের নির্দেশনায় এমন বাধ্যবাধকতা ছিল না।
এ ছাড়া প্রতিটি ব্যাংককে হটলাইন, ই-মেইল, অনলাইন প্ল্যাটফর্ম এবং সিলগালা লিখিত অভিযোগ গ্রহণের ব্যবস্থা চালু করতে হবে। অভিযোগকারীর পরিচয় গোপন রাখার পাশাপাশি পর্যাপ্ত তথ্য-প্রমাণ থাকলে বেনামি অভিযোগও তদন্ত করা যাবে। কোনো অভিযোগকারীর বিরুদ্ধে পদাবনতি, সাময়িক বরখাস্ত বা হয়রানিমূলক প্রতিশোধমূলক ব্যবস্থা নিলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক।
নির্দেশনায় ফরেনসিক, কনকারেন্ট এবং ভার্চুয়াল অডিট চালুরও নির্দেশ দেওয়া হয়েছে। ফরেনসিক অডিটের মাধ্যমে জালিয়াতির তদন্ত করে আদালতে ব্যবহারযোগ্য প্রমাণ সংগ্রহ করা হবে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারি ও অভ্যন্তরীণ পর্যবেক্ষণ ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এনএইচ