[b]ঢাকা:[/b] লবণ চাষিদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, মধ্যস্বত্ত্বভোগীদের হাত থেকে চাষিদের রক্ষা করতে বাস্তবসম্মত উদ্যোগ নিতে হবে। তিনি শিল্পায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে ক্ষুদ্র ও কুটির শিল্পোদ্যোক্তাদের জন্য বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও ঋণ সরবরাহের উদ্যোগ নেয়ার পরামর্শ দেন।
শিল্পমন্ত্রী আজ মঙ্গলবার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আয়োজিত বৈঠকে এ নির্দেশনা দেন। শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শিল্প সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জি.এম. জয়নাল আবেদীল ভূইয়া, বিসিক চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারসহ শিল্প মন্ত্রণালয় ও করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমির হোসেন আমু বলেন, দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের রপ্তানি বাড়াতে আধুনিক ডিজাইন ও ঋণ সহায়তা দিতে হবে। জেলা পর্যায়ে স্থাপিত শিল্পনগরিগুলোতে উদ্যোক্তা সেবা জোরদার করে রাজস্ব আয় বাড়াতে হবে।
এক্ষেত্রে তিনি শিল্পনগরির সার্ভিস চার্জ বাড়িয়ে উদ্যোক্তাদের উন্নত সেবা প্রদানের পরামর্শ দেন। তিনি যুগের চাহিদা অনুযায়ী বিসিকের সেবার পরিধি বাড়ানোর পাশাপাশি সাংগঠনিক কাঠামোও নির্ধারণের নির্দেশনা দেন।
উল্লেখ্য, বর্তমানে দেশে লবণের মোট চাহিদা ১৫ লাখ ৮০ হাজার মেট্রিক টন। চলতি ২০১৩-২০১৪ মৌসুমে এ পর্যন্ত ১ লাখ ০৫ হাজার মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা হলো ১৬ লাখ মেট্রিক টন। ২০১২-২০১৩ মৌসুমে দেশে মোট লবণ উৎপাদন হয়েছিল ১৬ লাখ ৩৩ হাজার মেট্রিক টন। এ বছরের উৎপাদন গতবারের পরিমাণকেও ছাড়িয়ে যাবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।
পরে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) এর কেন্দ্রিয় কমিটির নেতারা শিল্পমন্ত্রীর সাথে তাঁর দপ্তরে সাক্ষাত করেন।
এ সময় তারা দেশব্যাপী নিরবচ্ছিন্ন সার সরবরাহের ক্ষেত্রে সার ডিলারদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তারা চলতি ইরি-বোরো মৌসুমেও অতীতের মত সারের সুষ্ঠু সরবরাহ ও বিপণনে সরকারকে সর্বাত্বক সহায়তার প্রতিশ্রুতি দেন।
বিএফএ’র চেয়ারম্যান কামরুল আশরাফ খান পোটন এম.পি, প্রথম ভাইস চেয়ারম্যান আবদুস সালাম খান, ভাইস চেয়ারম্যান মোমেন সরকার, পরিচালক আবু নাসেরসহ অন্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের কর্মকর্তারা মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
অর্থনীতি
লবণ চাষিদের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে শিল্পমন্ত্রীর নির্দেশ
ঢাকা: লবণ চাষিদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, মধ্যস্বত্ত্বভোগীদের হাত থেকে চাষিদের রক্ষা করতে বাস্তবসম্মত উদ্যোগ নিতে হবে।





