ঈদুল ফিতরের আগে পোশাক শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধের দাবিতে সমাবেশ ও লাল পতাকা মিছিল করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

আজ (বুধবার) বেলা ১১টা ৩৫ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা আমিরুল হক আমিন।

তিনি বলেন, ঈদের আগেই ১০ জুলাই’র মধ্যে সব পোশাক শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা দিয়ে দিতে হবে। পাশাপাশি আগামী ১৪ জুলাই’র মধ্যে মূল বেতনের সমপরিমাণ ঈদ বোনাস দিতে হবে। কোনো ভাবেই এ বছর প্রতিবারের মতো টালবাহানা সহ্য করা হবে না।

দাবি আদায় না হলে শ্রমিকরা কঠোর আন্দোলনে নামবে বলেও এসময় হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন পোশাক শ্রমিক নেতা কমরেড কামরুল আহসান, এম দেলোয়ার হোসেন, কাজী মোহাম্মদ আলী প্রমুখ।

এআই/