ঈদের ছুটির পরে পুঁজিবাজারে লেনদেন গতি ফিরে এসেছে। এখন প্রতিদিনই বাজারে নতুন বিনিয়োগকারী আসছে। এই ধারাবাহিকতায় চলতি বছরের আগস্টের ১৭ দিনে বিও হিসাব (বেনিফিশিয়ারি ওনার্স) বেড়েছে ৫ লাখ।
সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানিয়েছে, আগস্ট মাসের ১৭ তারিখ পর্যন্ত বিও হিসাবধারীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ লাখ ৩৩ হাজার ৫৫৭ টি। অথচ জুলাই মাসের ৩১ তারিখ পর্যন্ত এ সংখ্যা ছিল ২২ লাখ ৫৬ হাজার। অর্থাৎ ১৭ দিনে বিও হিসাব বেড়েছে ৫ লাখ ৭৭ হাজার ৫৫৭ টি।
বিশ্লেষকদের মতে, পুঁজিবাজার চরম মন্দাবস্থা কাটিয়ে এখন গতিশীল হচ্ছে। এর ফলে সাইডলাইনে থাকা বিনিয়োগকারীরা নতুন করে পুঁজিবাজারে ঝুঁকছে। এছাড়া নতুন আইপিওকে কেন্দ্র করেও বাজারে নতুন বিনিয়োগকারী বাড়ছে বলে মনে করেন বিশ্লেষকরা।
সূত্র মতে, ২০১৪ সালের আগস্ট মাসে পুরুষ বিওধারীর সংখা বেড়েছে ৩ লাখ ১২ হাজার ৫২১টি। বর্তমানে পুরুষ বিও হিসাব রয়েছে ২০ লাখ ৮৩ হাজার ১১১টি, যা জুলাই মাসে ছিল ১৭ লাখ ৭০ হাজার ৫৯০টি।
এদিকে নারী বিও হিসাবের সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৫২৩টি বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৪০ হাজার ৫১৫টি। জুলাই মাসে বিও অ্যাকাউন্টধারী নারী ছিলেন ৬ লাখ ৯৯২ জন।
এছাড়াও বেড়েছে স্থানীয় বিও হিসাবের সংখ্যা। চলতি বছরের আগস্টে মাসে এই হিসাবধারীর সংখ্যা ৪ লাখ ৪১ হাজার ৮৪৪ জন বেড়ে দাঁড়িয়েছে ২৬ লাখ ৮৪ হাজার ৮৪৪ জন, যা আগের মাসে ছিল ২২ লাখ ৪৩ হাজার জন।
একইসাথে বেড়েছে প্রবাসি বিনিয়োগকারীর সংখ্যা। বর্তমানে প্রবাসি বিও হিসাবের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৭৮২টি, যা মে মাসে ছিল ১ লাখ ৩০ হাজার ৫৬৫টি।
অপরদিকে আলোচিত সময়ে কোম্পানি বিও সংখ্যা ৯ হাজার ৪৮টি বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৯৩১টি। জুলাই মাসে ছিল এই ধরনের অ্যাকাউন্টের সংখ্যা ৮৮৩টি।
ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এমআর





