ব্রিটিশ বাংলাদেশিদের বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগকে স্বীকৃতি প্রদান, নতুন কর্মক্ষেত্র সৃষ্টির প্রয়াস, ব্যবসায়িক আন্তঃযোগাযোগ স্থাপন এবং বিনিয়োগে উদ্বুদ্ধ করতে দেশ ফাউন্ডেশন প্রথমবারের মতো উদ্যোগ নিয়েছে 'ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড (বিবিবিএ) ২০১৫'।

সোমবার বিকালে পূর্ব লন্ডনের হোটেল হলিডে ইন-এর ভিক্টোরিয়া হলে আয়োজন করা হয় উদ্যোগটির প্রথম সংবাদ সম্মেলন।

ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড (বিবিবিএ) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিসবাউর রহমান তার দেয়া বক্তব্যে বলেন, ব্রিটেনের রাজনীতি, অর্থনীতি, শিল্প, সাহিত্যসহ সামাজিক ক্ষেত্রে ব্রিটিশ বাংলাদেশিদের সাফল্য চোখে পরার মতো। ব্রিটেনে ব্রিটিশ বাংলাদেশিদের বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগকে স্বীকৃতি দিতে আমরা আয়োজন করতে যাচ্ছি প্রথম ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড ২০১৫।

তিনি আরও জানান, নমিনেশন জমা দেয়া শুরু হচ্ছে ১৫ নভেম্বর থেকে। অনলাইনে দেশ ফাউন্ডেশনের ওয়েবসাইট www.deshfoundation.org.uk  কিংবা নমিনেশন ফরম ডাক যোগে পাঠানো যাবে। নমিনেশন জমা দেয়ার শেষ সময় আগামী বছরের ১৫ জানুয়ারি। খ্যাতনামা বিচারকদের নিয়ে গঠিত প্যানেল বিভিন্ন ক্যাটাগরিতে সেরা নির্বাচিত করবেন।

২১টি ক্যাটাগরিতে বিচারক প্যানেল বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যাচাই বাছাইয়ের পর ৩ জন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে মনোনয়ন করবেন। আসছে বছরের মার্চে বার্মিংহামে অভিজাত মিলনায়তনে অনুষ্ঠিতব্য আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করার পাশাপাশি বর্ণাঢ্য আয়োজনে হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান। আয়োজনের প্রধান মিডিয়া পার্টনার বাংলা টিভি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে নিয়ে কেক কাটেন দেশ ফাউন্ডেশন নেতৃবৃন্দ। আয়োজনকে সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা, পরামর্শ চান তারা।

দেশ ফাউন্ডেশন আয়োজিত ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড (বিবিবিএ) ২০১৫-এর সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির ভাইস চেয়ারম্যান সৈয়দ নাসির, ভাইস চেয়ারম্যান এনায়েত খান, ম্যানেজিং ডিরেক্টর শামীম চৌধুরী, অপারেশন ডিরেক্টর সায়েম আজাদী, ফাইনান্স ডিরেক্টর বদরুল ইসলাম, কমিউনিকেশন ডিরেক্টর মাসুদ আজাদ, ইভেন্ট ডিরেক্টর রাজু আহমেদ, মিডিয়া ডিরেক্টর সাহিরুল ইসলাম এবং অ্যাওয়ার্ডের প্রধান মিডিয়া পার্টনার বাংলা টিভির ম্যানেজিং ডিরেক্টর সাজ্জাদুর আজিজ মালিক। বার্মিংহাম কমিউনিটির বিশিষ্টজনদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বার্মিংহাম বাংলা প্রেসক্লাব সভাপতি মোস্তফা যুবরাজ, ফয়জুর রহমান, কামাল আহমেদ, মারুফ আহমেদ প্রমুখ।

জেআই