আসন্ন বাজেটে আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ (কালোটাকা) বিনিয়োগের সুযোগ আগামি ৫ বছর পর্যন্ত বাড়ানোর দাবি করেছে রিয়েল এস্টেট এন্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।  মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় এ দাবি জানায়  রিহ্যাব।  একই সাথে সাধারণ ক্রেতাদের ক্ষেত্রে প্রথম ফ্ল্যাট ক্রয়ে আয়ের উৎস প্রদর্শন না করে ক্রয়ের সুযোগ চেয়েছে সংগঠনটি।
এ সময় রিহ্যাবের সহ সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া বলেন, অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনমানের সাথে আবাসন খাত জড়িত। সরকার ২০১৩-১৪ অর্থবছরে আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দিয়েছে।  তবে এ সময়টি সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতায় ছিল। ফলে এ খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়া হলেও এর কোনো সুফল ব্যবসায়িরা পায়নি। এ খাতকে রক্ষায় বাজেটে আগামি ৫ বছর এ খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ রাখার প্রস্তাব করেন তিনি।
জমির উচ্চমূল্য, নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে ডেভেলপারের মুনাফা হ্রাস পাওয়ায় আয়করের পরিমাণ যৌক্তিক পর্যায়ে আনার পক্ষে যৌক্তিক বলে মনে করেন তিনি।
এদিকে সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানকে বাংলাদেশে ব্যবসায়িক লাইসেন্স না দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ড অ্যাসোসিয়েশন (বাফা)। একই সাথে শিপিং ও সিঅ্যান্ড এফ এজেন্ট ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশি প্রতিষ্ঠানকে কেন্দ্রীয়ভাবে মূল্য সংযোজন কর নিবন্ধনের ব্যবস্থা করাসহ বেশ কিছু  দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে এনবিআরের প্রাক-বাজেট আলোচনায় এ দাবি জানান তারা। এ সময় এনবিআরের বিভিন্ন বিভাগের সদস্য, সচিব ও কয়েকটি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এনবিআরের শুল্ক নীতির সদস্য ফরিদ উদ্দিনের সভাপতিত্বে আলোচনায় সিঅ্যান্ডএফ এজেন্ট, শিপিং ও ফ্রেইড ফরওয়ার্ড সংক্রান্ত ৬টি সংগঠন অংশ নেয়।
আলোচনায় বাংলাদেশ ফেইড ফরওয়ার্ড অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বলেন, দেশীয় প্রতিষ্ঠানকে রক্ষা সম্পূর্ণ বিদেশি মালিকাধীন কোনো প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া উচিত নয়। সেক্ষেত্রে তারা যদি দেশীয় কোম্পানির ৫১ শতাংশ ও নিজের ৪৯ শতাংশ বিনিয়োগে ব্যবসা  করে তাহলে তাদের লাইসেন্স  দেওয়া যেতে পারে।                        
অন্যদিকে বাংলাদেশ শিপিং এজেন্টের এর সাথে এক আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ডের শুল্কনীতি অণু বিভাগের সদস্য ফরিদ উদ্দীন বলেন, শুধু নিজেদের লাভ খুঁজলে হবে না। সরকারের কীভাবে আয় হবে, সেটা নিয়েও তো ভাবতে হবে। রাজধানীর সেগুনবাগিচার এনবিআর সম্মেলন কক্ষে মঙ্গলবার আগামী ২০১৪-১৫ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় ব্যবসায়ীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, সবাই শুধু কর কমানোর দাবি করেন। কিন্তু কেউ বাড়ানোর কথা বলেন না। আপনার সদস্যরা কেন কর দিচ্ছেন না, সেটাও আপনাকে দেখতে হবে।
বাংলাদেশ শিপিং এজেন্টের পক্ষ থেকে সভায় আগামী অর্থবছরের বাজেটে করপোরেট কর কমানোর প্রস্তাবনা দেওয়া হয়। শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ তাদের প্রস্তাবনায় ১ জুলাই ২০১৩ সালের প্রণীত এসআরও নং ২১০- আয়কর আইনে বিভিন্ন বাণিজ্যিক সংগঠন বা বণিক সমিতির ওপর আরোপিত আয়করের বিধান পরিবর্তন করে ১৯৬৫ সালের আইনের ন্যায় করমুক্তভাবে কার্যক্রম পরিচালনার দাবি জানানো হয়।
ব্যক্তিশ্রেণীর করের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ২ লাখ ৭৫ হাজার টাকা করার কথাও ওই প্রস্তাবনায় বলা হয়।
২০১৪-১৫ অর্থবছরের বাজেট প্রণয়নের লক্ষে এনবিআর বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও অ্যাসোসিয়েশনের সাথে এ আলোচনা করছে।
এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে এনবিআরের বিভিন্ন বিভাগের সদস্য, কর্মকর্তা ও নির্মাণ শিল্পের সাথে সংশ্লিষ্ট ২৩টি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]