চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় পুঁজিবাজারে মূল্য সূচক পতন হয়েছে। একই সাথে কমেছে টাকার অঙ্কে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার দর। তবে উভয় বাজারে লেনদেন বেড়েছে।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, রোববার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৬৮৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫১০ কোটি ৬৪ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
তবে শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০১৯ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৮৫ পয়েন্টে।
বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৬৯৯ পয়েন্টে। এদিন লেনদেন হয় ৪১২ কোটি ৯২ লাখ ২১ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আজ রোববার ডিএসইতে লেনদেন বেড়েছে ৯৭ কোটি ৭২ লাখ ৭৮ হাজার টাকা।
অনেক কোম্পানির লভ্যাংশ ঘোষণার সময়ে ঘনিয়ে আসায় বিনিয়োগকারীরা সেসব কোম্পানির শেয়ারে বিনিয়োগ করছেন। অপরদিকে অনেকে ক্যাপিটাল গেইনের কারণে কিছুটা মুনাফায় শেয়ার ছাড়ছেন। এ কারণে দৈনিক লেনদেন বেড়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৯১৫৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৫ কোটি ৮৩ লাখ টাকা। বৃহস্পতিবার সিএসইতে লেনদেন হয় ৩২ কোটি ৪৯ লাখ টাকা। আজ রোববার সিএসইতে লেনদেন বেড়েছে ১৩ কোটি ৩৪ লাখ টাকা।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]