রাজধানীর নাটকপাড়া হিসেবে পরিচিত বেইলি রোড তার আগের সাংস্কৃতিক ব্যস্ততা থেকে সরে এসেছে। নতুন চেহারায় এখন এ এলাকা হয়ে উঠেছে ফ্যাশন হাউসের বিকিকিনির স্থান আর নানা নামিদামি ব্রান্ডের ফাস্টফুড দোকানের জমজমাট ব্যবসাক্ষেত্র।

রমজান মাস এলেই এসব ফাস্টফুডের দোকানগুলোর সঙ্গে আরও কিছু নতুন দোকান যোগ হয় ইফতার সামগ্রী বিক্রির জন্য। বেইলি রোড হয়ে ওঠে বাহারি ইফতার সামগ্রী বিকিকিনির এক বড় কেন্দ্রস্থল। খুব অল্প সময়ের মধ্যে নাম ছড়িয়েছে বেইলি রোডের ইফতার সামগ্রী। অবাক করার বিষয় হল পুরান ঢাকার চকবাজারের ইফতারির সুনামেও ভাগ বসাতে পেরেছে বেইলি রোডের এই আয়োজন।

এবারও বেইলি রোডে বসেছে নানা পদের ইফতার সামগ্রীর রমরমা বাজার। আর এখানকার ইফতার সামগ্রী রসানায় চেখে দেখতে নানান শ্রেণি-পেশার মানুষ ছুটে আসছেন। উচ্চবিত্ত থেকে শুরু করে মধ্য ও নিম্নবিত্ত সবারই ভিড় এখানে। এবার ফুটপাতে বসা দোকান তুলনামূলকভাবে খুবই কম। তাই রাস্তায় যানজটও কম। ফলে ক্রেতারা স্বাচ্ছন্দ্যেই পছন্দের ইফতার সামগ্রীটি কিনে নিতে পারছেন।

‘পিঠা ঘর’ দোকানের স্বত্বাধিকারী কাজী গোলাম কিবরিয়া বলেন, ‘বেইলি রোডের ইফতার বাজারের প্রধান আকর্ষণ খাবারের নতুন নতুন আইটেম। চকে যেমন ঐতিহ্যবাহী খাবার বেশি, এখানেও তাই। তবে এখানকার বিশেষত্ব হলো, ঢাকার ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি আধুনিক ও নিত্যনতুন আইটেমও রাখা হয়েছে।’
তিনি বলেন, ‘এসব আইটেমের মধ্যে রয়েছে সুতি কাবাব, শিক কাবাব, জালি কাবাব, মাটন বটি কাবাব, জাম্বুরোস্ট, চিকেন দোপেঁয়াজা, ব্রেইন মসল্লা, বিফ কোপ্তা, মালাই চপ, কোনাফাসহ নিয়মিত সামগ্রী ছোলা বুট, বেগুনি, পেঁয়াজু, জিলাপি, লাড্ডু, ফিরনি ইত্যাদি।’

মিষ্টিজাতীয় খাবার প্রসঙ্গে তিনি বলেন, ‘এ জাতীয় খাবারের মধ্যে আমাদের দোকানের পিঠাগুলো প্রচুর পরিমানে বিক্রি হচ্ছে। এবার প্রায় ৫০ প্রকার পিঠার আইটেম করেছি আমরা। এর মধ্যে সূর্যমুখী, পাংশা, সুন্দরী পাকন, ফিরনি, ভেজিটেবল ঝাল পিঠা রয়েছে। এসব পিঠাগুলো আমরা ২০ থেকে ৪০ টাকা পিস হিসেবে বিক্রি করছি।’
ফখরুদ্দিনের দোকানে এবারও ভিড় বেশি। এখানে খাসির হালিম থেকে বাসমতির জর্দা পর্যন্ত অর্ধশতাধিক আইটেম পাওয়া যাচ্ছে। এসবের মধ্যে বেশি কদর রয়েছে কাচ্চি বিরিয়ানি, তেহারি, খাসির চপ ও হালিমের।

এছাড়া মুরগির হালিম, খাসির হালিম, গরুর চাপ, খাসির চাপ, শিক কাবাব, লুচি, পরাটা, কাচ্চি বিরানী, তেহারি, ফিরনি, জিলাপি, আলুবোখারা, দইবড়া, জালি কাবাব, মুছিয়া কাবাব, বোরহানি, গরুর শাসলিক ইত্যাদিতো রয়েছেই।

এসব ছাড়াও বেইলি রোডের গার্ডেন ওয়েসিস, সুইস, ডেকেরাট, ফ্রেশকো, শাহী মামা পেঁয়াজু, রেস্টুরেন্ট থার্টি থ্রি, মিস্টার বেকার, গোল্ডেন ফুড, বিএফসি, কেএফসি, রেড কোর্ট, হট কেক, বেইলি হাট, প্যারাডাইস ফ্রুটস অ্যান্ড জুস বারের ইফতারি কিনতেও অনেক দূর-দূরান্ত থেকে ছুটে আসেন রসনাবিলাসীরা।

ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই