২০১৫ সালের মার্চ মাসের মধ্যে রাজধানীর হাজারিবাগ থেকে সাভারের চামড়া শিল্পনগরিতে ট্যানারি স্থানান্তর শেষ করতে মালিকরা সম্মত হয়েছেন বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, এপ্রিল মাস থেকে চামড়া শিল্পনগরিতে পরিবেশবান্ধব চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদন শুরু হবে।
সাভারে বাস্তবায়নাধীন চামড়া শিল্পনগরির অগ্রগতি পর্যালোচনা ও ট্যানারি স্থানান্তর কার্যক্রম পরিদর্শন উপলক্ষে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে শিল্পমন্ত্রী একথা জানান। চামড়া শিল্পনগরি কার্যালয়ে বৃহস্পতিবার এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
শিল্পমন্ত্রী বলেন, ২০১৫ সালের মার্চ মাসের মধ্যেই নির্মাণাধীন সিইটিপি চালু হবে। এ লক্ষ্যে নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে। তিনি সিইটিপি’র নির্মাণ কাজে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সিইটিপি চালু হলে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে উন্নতমানের চামড়াজাত পণ্য উৎপাদন সম্ভব হবে।
চামড়া শিল্পখাতে মূল্য সংযোজনের সুযোগ বেশি থাকায় ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে এ শিল্পখাত তৈরি পোশাক শিল্পের বিকল্প হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
আমির হোসেন আমু বলেন, ট্যানারি স্থানান্তরের ক্ষেত্রে মালিকদের যে কোনো বাস্তবসম্মত সমস্যা সরকার সহানুভূতির সাথে বিবেচনা করবে। এর জন্য উদ্যোক্তাদেরকে কোনো ধরণের কালক্ষেপণ না করে স্থানান্তর প্রক্রিয়া শুরু করতে হবে।
নির্ধারিত সময়ে ট্যানারি স্থানান্তর না হলে এ শিল্পের সাথে জড়িত উদ্যোক্তাদের পাশাপাশি দেশও ক্ষতিগ্রস্থ হবে। তিনি বিসিক অনুমোদিত লে-আউট অনুযায়ী বরাদ্দকৃত প্লটে নির্মাণ কাজ শুরু করার তাগিদ দেন।
পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, খাদ্যমন্ত্রী অ্যাড্ভোকেট কামরুল ইসলাম, সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস ও ডাঃ মোঃ এনামুর রহমান, বিসিক চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইসুল আলম মন্ডল, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেন চন্দ্র দাসসহ চামড়া শিল্প সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাভার চামড়া শিল্পনগরিতে বরাদ্দপ্রাপ্ত ১৫৫টি শিল্প ইউনিটের বিপরীতে ইতোমধ্যে ১৪৮টি প্লটের লে-আউট প্লান জমা পড়েছে। এর মধ্যে বিসিক ১১২টি লে-আউট প্লান অনুমোদন করেছে। বাকি লে-আউট প্লান আগামী এক সপ্তাহের মধ্যে অনুমোদন পাবে। ইতোমধ্যে ১৫টি শিল্প ইউনিট নির্মাণের জন্য সংশ্লিষ্ট মালিকরা প্রকল্প এলাকায় কার্যক্রম শুরু করেছেন।
পরে মন্ত্রী সিইটিপি নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন। তিনি এসময় গুণগতমান বজায় রেখে দ্রুত নির্মাণ কাজ সমাপ্ত করতে চীনা নির্মাতা প্রতিষ্ঠানকে নির্দেশনা দেন।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]