দেশের নারী উদ্যোক্তাদের জন্য পৃথক অর্থনৈতিক অঞ্চল গঠনের দাবি জানিয়েছেন তৃণমূল নারী শিল্প উদ্যোক্তা সমিতি, বাংলাদেশ এর নেতারা। একই সাথে তারা নারী উদ্যোক্তাদের উন্নত প্রশিক্ষণ ও তথ্য সেবা দেয়ার লক্ষ্যে একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য জায়গা বরাদ্দের দাবি জানান।
তৃণমূল নারী শিল্প উদ্যোক্তা সমিতি, বাংলাদেশ এর নেতারা শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে বৈঠককালে এ দাবি জানান। রোববার শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সংগঠনের সভাপতি মৌসুমী ইসলাম, সহ-সভাপতি মাহবুব আরা জরি, পরিচালক রুবিনা পারভীন, মানসুরা খানম ইভাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে নেতারা তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের কল্যাণে সংগঠন গৃহিত কর্মসূচি সম্পর্কে শিল্পমন্ত্রীকে অবহিত করেন। তারা বলেন, নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণের পাশাপাশি উৎপাদিত পণ্য বাজারজাতকরণ ও ঋণ প্রাপ্তিতে এ সংগঠন সহায়তা দিয়ে আসছে। এর ফলে গ্রাম পর্যায়ে দক্ষ নারী উদ্যোক্তা তৈরির প্রচেষ্টা জোরদার হচ্ছে বলে তারা জানান।
শিল্পমন্ত্রী বলেন, নারীদের উৎপাদনের ধারায় সম্পৃক্ত করে আর্থ-সামাজিক উন্নয়ন প্রচেষ্টা জোরদারের লক্ষ্যে বর্তমান সরকার অগ্রাধিকারভিত্তিতে কাজ করছে। দেশে দক্ষ নারী উদ্যোক্তা সৃষ্টির জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন এবং বিসিকের মাধ্যমে সরকার ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে।
এর ফলে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। নারী উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এর আগে নেসলে বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক স্টিফান নর্দে এর নেতৃত্বে এক প্রতিনিধিদল শিল্পমন্ত্রীর সাথে সাক্ষাত করেন। শিল্প মন্ত্রণালয়ে সাক্ষাতকালে তারা পুষ্টিকর খাদ্যপণ্য যোগানের মাধ্যমে জনস্বাস্থ্য পরিস্থিতির উন্নয়নে প্রতিষ্ঠানটির অবদান সম্পর্কে শিল্পমন্ত্রীকে অবহিত করেন।
শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, নেসলে বাংলাদেশ লিমিটেডের কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর নকীব খান,সিনিয়র ম্যানেজার মির্জা গোলাম হোসেন এসময় উপস্থিত ছিলেন।
সাক্ষাতকালে স্টিফান নর্দে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশের প্রশংসা করেন। তিনি বলেন, উদীয়মান অর্থনীতি ও তরুণ জনগোষ্ঠির জন্য বাংলাদেশ বৈদেশিক বিনিয়োগের জন্য আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে।
ক্রমবর্ধমান বাজার সুবিধা বিবেচনা করে নেস্লে বাংলাদেশ লিমিটেড এদেশে বিনিয়োগ বৃদ্ধি ও কারখানা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ প্রতিষ্ঠান ইতোমধ্যে আন্তর্জাতিক মানের গবেষণাগার স্থাপন করেছে বলে তিনি উল্লেখ করেন।
শিল্পমন্ত্রী নেসলে বাংলাদেশ লিমিটেডের সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়ানোর প্রস্তাবকে স্বাগত জানান। তিনি বলেন, চীন, জাপান, কোরিয়াসহ অনেক দেশ ইতোমধ্যে বাংলাদেশে বিনিয়োগের জন্য পৃথক অর্থনৈতিক অঞ্চল স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে। সরকারের বিনিয়োগবান্ধব নীতির ফলে বৈদেশিক বিনিয়োগের প্রবণতা দিন দিন বাড়ছে। তিনি তৃণমূল পর্যায়ে সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে মানসম্মত ও পুষ্টিকর খাদ্যপণ্য উৎপাদনের জন্য বিনিয়োগ বাড়াতে নেসলে বাংলাদেশ লিমিটেডকে পরামর্শ দেন।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
নারী উদ্যোক্তাদের জন্য পৃথক অর্থনৈতিক অঞ্চল গঠনের দাবি
দেশের নারী উদ্যোক্তাদের জন্য পৃথক অর্থনৈতিক অঞ্চল গঠনের দাবি জানিয়েছেন তৃণমূল নারী শিল্প উদ্যোক্তা সমিতি, বাংলাদেশ এর নেতারা। একই সাথে তারা নারী উদ্যোক্তাদের উন্নত প্রশিক্ষণ ও তথ্য সেবা দেয়ার লক্ষ্যে একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য জায়গা বরাদ্দের দাবি জানান।





