[b]ঢাকা: [/b]উদীয়মান দেশগুলোর আর্থিক বাজার থেকে বিনিয়োগ প্রত্যাহারের হিড়িক দেখা দেয়ায় বিশ্ব অর্থনীতি এখন বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এ পরিস্থিতি থেকে নিজেদের বাঁচাতে বিকাশমান অর্থনীতির দেশগুলোকে আত্মরক্ষামূলক ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
ই-মেইল বিবৃতিতে আইএমএফ মুখপাত্র বলেন, বিশ্ব অর্থনীতির এ অস্থিরতার পেছনে একক কোনো কারণ খুঁজে পায়নি তারা। তবে এ পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। ই-মেইল বার্তায় ওই মুখপাত্র জানান, অধিকাংশ উদীয়মান অর্থনীতির দেশ চাপের মুখে রয়েছে।
আর্থিক বাজার থেকে লেনদেনকারীরা বেরিয়ে যাওয়ার ফলে দেশের বাইরে থেকে অর্থায়ন আরো দুরূহ হয়ে পড়েছে। পাশাপাশি শ্লথ প্রবৃদ্ধি ও ভোগ্যপণ্যের দাম কমে যাওয়ার মতো চ্যালেঞ্জের মুখোমুখি অধিকাংশ দেশ।
অবশ্য প্রতিরক্ষা জোরদার করতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে তাদের মুদ্রানীতি কঠোর করার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আরো সতর্ক হতে হবে বলে আইএমএফ উল্লেখ করে।
নির্দিষ্ট করে কোনো দেশের নাম উল্লেখ না করলেও মূলধন বেরিয়ে যাওয়া ও মুদ্রার দরপতন ঠেকাতে সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ও তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়ানোর বিষয়টির দিকে পরোক্ষ ইঙ্গিত করে আইএমএফ মুখপাত্র একথা বলেন।
বিদ্যমান পরিস্থিতিতে ব্যাষ্টিক অর্থনীতি ও আর্থিক নীতিমালায় সামঞ্জস্য, উন্নত যোগাযোগ এবং কোনো কোনো ক্ষেত্রে অর্থনীতির মৌল শর্তগুলো উন্নয়নে জরুরি পদক্ষেপ নিতে হবে।
এছাড়া চলমান সংকটে আন্তর্জাতিক পুঁজিবাজারে তারল্য পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে নজরদারির প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়েছে।
এদিকে বিকাশমান অর্থনীতির সঙ্গে সংশ্লিষ্ট অনেক কর্মকর্তা এ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের বন্ড প্রণোদনা কমিয়ে আনার বিষয়টিকে দায়ী করেছেন। প্রণোদনা কমিয়ে দেয়ায় ডলারের দাম বেড়েছে এবং এসব দেশের শেয়ারবাজার ও মুদ্রায় দরপতন হয়েছে বলে দাবি করেন তারা।
গত বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় ব্যাংক প্রধান রঘুরাম রাজন ব্লুমবার্গ টেলিভিশনে দেয়া এক সাক্ষাত্কারে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের সমালোচনা করে বলেন, ফেড ও অন্যান্য অগ্রসর অর্থনীতির কেন্দ্রীয় ব্যাংকগুলোর উচিত ছিল আর্থিক ক্ষেত্রে কড়াকড়ি আরোপের আগে বাজারে এর কি ধরনের প্রভাব পড়বে সে কথা চিন্তা করা। সূত্র:এএফপি।
[b]ঢাকা, ২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমআর[/b]
অর্থনীতি
বিশ্ববাজারের অস্থিরতা নিয়ে আইএমএফের সতর্কবার্তা
উদীয়মান দেশগুলোর আর্থিক বাজার থেকে বিনিয়োগ প্রত্যাহারের হিড়িক দেখা দেয়ায় বিশ্ব অর্থনীতি এখন বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে





