রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অতিথি-খরা চলছে। সবগুলো অতিথি কক্ষ ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি আগাম বুকিং ছিল। অর্থাৎ এ তিন দিন কোনো কক্ষই ফাঁকা ছিল না হোটেলটিতে। কিন্তু দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে শেষ মুহূর্তে এসে বেশির ভাগ বুকিং বাতিল করা হয়েছে।
হোটেলটির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। একই অবস্থা রাজধানীর প্রথম শ্রেণির অন্য তারকা হোটেলগুলোরও।
গত কয়েক দিনে রাজধানীর বেশ কয়েকটি তারকা হোটেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, এসব হোটেলে দেশি-বিদেশি অতিথির আগমন উল্লেখযোগ্য হারে কমে গেছে।
সে সঙ্গে প্রতিদিনই বাতিল হচ্ছে আগাম বুকিং দেওয়া রুম ও অনুষ্ঠান। এর ফলে স্বাভাবিক সময়ের চেয়ে হোটেলভেদে গড়ে ৪০ থেকে ৫০ ভাগ ব্যবসা কমে গেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ব্যবসায়িক, ভ্রমণ বা অন্যান্য প্রয়োজনে বাংলাদেশে আসা বিদেশি অতিথির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। যেসব বিদেশি অতিথি আগাম বুকিং দিয়েছিলেন এখন তা বাতিল করা হচ্ছে। এ অবস্থায় হোটেলগুলোর ব্যবসা অনেকটা স্থানীয় ও প্রাতিষ্ঠানিক গ্রাহকনির্ভর হয়ে পড়েছে।
রাজধানীর গুলশানে অবস্থিত লেক শোর হোটেলের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শুধু গত এক সপ্তাহে ১০-১২টি অনুষ্ঠান ও ৩০-৪০টি হোটেল কক্ষের আগাম বুকিং বাতিল হয়েছে।
হোটেলটিতে মোট ৬০টি অতিথি কক্ষ রয়েছে। স্বাভাবিক সময়ে গড়ে প্রতি মাসে ৮০ শতাংশের বেশি রুম অতিথিতে পূর্ণ থাকত। গত এক মাসের রাজনৈতিক অস্থিরতায় এখন সেটি ৪০ শতাংশে নেমে এসেছে বলে কর্মকর্তারা জানান।
এই ধাক্কা সভা, সেমিনার, সামাজিক নানা অনুষ্ঠান আয়োজন এবং খাবারের ব্যবসায়ও লেগেছে।
রাজধানীর পাঁচতারকা সোনারগাঁ হোটেলের জনসংযোগ কর্মকর্তা সালমান কবির প্রথম আলোকে বলেন, ‘চলমান পরিস্থিতির কারণে ২৫ থেকে ৩০ শতাংশ অতিথি কমে গেছে আমাদের হোটেলের। একই সঙ্গে আগাম বুকিংও বাতিল হচ্ছে। বিশেষ করে বিদেশি অতিথি আসা কমেছে উল্লেখযোগ্য হারে।’ তবে বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলতে আসা বিভিন্ন দেশের ফুটবল দল হোটেলটিতে অবস্থান নেওয়ায় এ মুহূর্তে বিদেশিদের উপস্থিতি রয়েছে।
এভাবে আরও অনেক হোটেলের চিত্র একই রকম।
এমকে





