আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ২০ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ০১ ডলার বা প্রায় ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৭৭ ডলারে নেমে আসে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও ১ দশমিক ০৩ ডলার বা প্রায় ১ শতাংশ কমে ১০০ দশমিক ৮৮ ডলারে দাঁড়ায়। এর আগে বৃহস্পতিবারও ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের তেলের দাম প্রায় ১ শতাংশ করে কমেছিল।

এদিকে, সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে বৃহস্পতিবার সীমান্ত এলাকায় নতুন করে বিমান হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তবে সংঘাতের মধ্যেও তেলের সরবরাহ নিয়ে এখন পর্যন্ত বড় ধরনের উদ্বেগ তৈরি হয়নি। বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, মধ্যপ্রাচ্য থেকে তেল পরিবহণে বিকল্প রুট ব্যবহার করে সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হতে পারে।

সরবরাহ অব্যাহত রাখার এই প্রত্যাশার কারণে বাজারে বড় ধরনের ঘাটতির আশঙ্কা কিছুটা কমেছে। ফলে মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়লেও তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ার পরিবর্তে টানা তৃতীয় দিনের মতো কমেছে।

এস